প্রধান খবরভারত

কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে থাকতে নারাজ রাহুল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফা নিয়ে বহু জল্পনার পর অবশেষে সেই জল্পনা-কল্পনাকেই সত্যি প্রমাণ করে ৩জুলাই পদত্যাগ করেন রাহুল৷ ইস্তফার আগে তিনি দলকে জানিয়েও দিয়েছিলেন তাঁর বিকল্প খুঁজে রাখতে৷ তাঁর ইস্তফা আটকাতে দল তৎপর হলেও শেষপর্যন্ত দলের প্রেসিডেন্টের পদ ছেড়ে দেন রাহুল৷

সূত্রের খবর, কংগ্রেসের নয়া প্রেসিডেন্ট হতে পারেন সুশীলকুমার শিন্ডে অথবা মল্লিকার্জুন খাড়গে এবং গত সপ্তাহেই সেই আভাস পাওয়া যায়৷

আনন্দ শর্মা, আহমেদ প্যাটেল, গুলাম নবি আজাদ, পি চিদম্বরম, দীপেন্দর হুডা এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো সিনিয়র নেতারা দিল্লিতে উপস্থিত হন বৈঠকের জন্য৷ কিন্তু সেই বৈঠকেই উপস্থিত থাকছেন না রাহুল গান্ধী৷ তিনি সাফ জানিয়েছেন, নতুন নেতা অনুসন্ধানের প্রক্রিয়ায় তিনি থাকতে রাজি নন৷ শুধু রাহুলই নন, তাঁর মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীও এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন৷

পিভি নরসিমহা রাও এবং সীতারাম কেশরীর পর এই নিয়ে তৃতীয়বার নেহরু-গান্ধী পরিবারের বাইরে কোনও ব্যক্তি কংগ্রেসকে নেতৃত্ব দিতে চলেছেন৷ উল্লেখ্য, ২০১৭ সালে সোনিয়া গান্ধীর পর কংগ্রেস প্রধানের দায়িত্ব নেন রাহুল গান্ধী৷ তবে দুবছরের মধ্যে, লোকসভা নির্বাচনে দলের আশানুরুপ ফল না হওয়ার দায়িত্ব নিজে কাঁধে নিয়ে ইস্তফার সিদ্দান্ত নেন রাহুল৷ চলতি সপ্তাহেই এই পদ ছাড়েন তিনি৷ আর তারপর থেকেই কংগ্রেস প্রেসিডেন্টের পদ নিয়ে জল্পনা শুরু হয়৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মতে কোনও তরুণ নেতারই এই পদে আসীন হওয়া উচিত৷ তবে কংগ্রেস প্রেসিডেন্টে হিসেবে এই মুহূর্তে আলোচনায় কোনও তরুণ নেতা নয়, বরঞ্চ পোড় খাওয়া দুই নেতা সুশীলকুমার শিন্ডে অথবা মল্লিকার্জুন খাড়গের নামই উঠে আসছে বলে জানা গিয়েছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension