
তামিলনাড়ুতে দাবানলের মুখে ২৫ জন, চলছে উদ্ধারকার্য
রূপসী বাংলা ডেস্ক:তামিলনাড়ুর ঠেনি জেলার কুরাঙ্গনি পাহাড়ে পর্বতারোহনের প্রশিক্ষণ শিবিরে গিয়ে দাবানলের মুখে পড়লেন অন্তত ২৫ জন ছাত্র-ছাত্রী। আজ সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকার্য। এখনও পর্যন্ত ১৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গারুদ কম্যান্ডো ফোর্সের ১৬ জন কম্যান্ডো উদ্ধারকার্য চালাচ্ছেন। বায়ুসেনার চারটি চপার কাজে লাগানো হচ্ছে। আরও একটি চপার তৈরি রাখা হয়েছে।
গতকাল এই ছাত্র-ছাত্রীদের দাবানলে আটকে পড়ার খবর আসতেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে যোগাযোগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেন প্রতিরক্ষামন্ত্রী। এরপরেই শুরু হয় উদ্ধারকার্য। ঠেনির কালেক্টরের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।পুলিশ সূত্রে খবর, কোয়েম্বাত্তুর ও এরোড থেকে ছাত্র-ছাত্রীরা কুরাঙ্গাই-কোঝুকু পার্বত্য অঞ্চলে পর্বতারোহনের প্রশিক্ষণ নিচ্ছিলেন। রবিবার দুপুরে হঠাৎই দাবানল শুরু হয়। স্থানীয় লোকজনই প্রথমে উদ্ধারকার্য শুরু করেন। বন দফতর ও দমকল বিভাগের কর্মীরাও উদ্ধারকার্যে যোগ দিয়েছেন। পাঠানো হয়েছে মেডিক্যাল টিম।



