প্রধান খবরভারত

কেঁদে ফেললেন মোদী…

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী৷ প্রথম মোদী সরকারের আমলে বিদেশমন্ত্রকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিশ্চিন্তে তুলে দিয়েছিলেন তাঁর কাঁধে৷ নরেন্দ্র মোদী ঠিক ততটাই ভরসা করতে সুষমা স্বরাজকে৷ কিন্তু সেই ভরসার জায়গাটা আজ আর নেই৷ সুষমা স্বরাজের মরদেহের সামনে দাঁড়িয়ে চোখের জল সামলাতে পারলেন না প্রধানমন্ত্রী৷

নীরবে চোখের জল মুছতে দেখা গেল তাঁকে৷ সুষমার চলে যাওয়ার খবর এখনও মেনে নিতে পারেনি গোটা দেশ৷ সেই হতভম্বতা গ্রাস করেছে দিল্লির রাজনৈতিক মহলকেও৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে সকলেই সুষমার বাড়িতে জড়ো হন৷ আসেন প্রধানমন্ত্রীও৷

দেখা করেন সুষমা স্বরাজের পরিবারের মানুষদের সঙ্গে৷ তাঁর মেয়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী৷ মাথায় হাত বুলিয়ে স্বান্তনা দেন৷ তারপর দেখা হয় সুষমার স্বামী স্বরাজ কৌশলের সঙ্গে৷ হাতে হাত রেখে এই দুর্যোগে পাশে থাকার বার্তা দেন মোদী৷

ততক্ষণ সব ঠিকই ছিল৷ এরপর সুষমা স্বরাজের মরদেহের পাশে গিয়ে দাঁড়ানোর পরেই আবেগ চাপা রাখতে পারেননি মোদী৷ চোখে জল চলে আসে তাঁর৷ তবে ক্যামেরার সামনে তা চাপা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন৷ মোদীর সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য উচ্চপদস্থ নেতারা৷ প্রত্যেকেই নিজের শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন সুষমা স্বরাজকে৷

সুষমা স্বরাজের মৃত্যুর পর প্রধানমন্ত্রী মোদী একের পর এক ট্যুইট করেছেন৷ তিনি টুইটে লিখেছেন, ভারতের রাজনীতিতে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল৷ তাঁর কথায়, অসাধারণ বক্তা এবং সাংসদ ছিলেন সুষমাজি। দলের সকলে তাঁকে সম্মান করতেন। আদর্শ এবং বিজেপির স্বার্থ নিয়ে কখনওই তিনি আপস করেননি। দলের উন্নতিতে তাঁর বড় ভূমিকা ছিল।

গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ যার ফলে লোকসভা নির্বাচনে লড়তেও চাননি তিনি৷ গত মাসে বিশ্ব হিন্দু পরিষদের কার্য্যানুষ্ঠানে তাঁকে দেখা যায়৷ মঙ্গলবার দিল্লির এইমসে প্রয়াত হন তিনি৷

গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী হিসেবে সুষমা স্বরাজের সাফল্য নিঃসন্দেহে প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে। রাষ্ট্রসংঘে পাকিস্তান বিরোধী কড়া বার্তা মনে রাখার মত। যখনই কোনও ভারতীয় বিশ্বের কোনও প্রান্তে বিপদে পড়েছেন, তাঁর দিকে হাত বাড়িয়ে দিয়েছেন সুষমা। দীর্ঘদিন ধরে পাকিস্তানে আটকে থাকা মুক ও বধির ভারতীয় মেয়েকে দেশে ফিরিয়ে এনেছেন সুষমা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension