
বন্যাপীড়িতদের জন্য ৫০০ ঘর নির্মাণের ঘোষণা নানা পাটেকরের
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বন্যায় বিধ্বস্ত পশ্চিম মহারাষ্ট্র নিজেদের অস্তিত্ব সঙ্কটে যখন ভুগছে তখন বন্যাপীড়িতদের থাকার জন্য বলিউড অভিনেতা নানা পাটেকর ৫০০ বাড়ি তৈরির কথা ঘোষণা করলেন৷ লাগাতার বৃষ্টিতে কার্যত জলের তলায় কোলাপুর, সাংলি, সাতারা৷ গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই পরিস্থিতি৷ দিন দিন সেই অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে৷ এমতাবস্থায় পীড়িতদের পাশে এসে দাঁড়ালেন নানা পাটেকর৷
শিরোলে পদ্মরাজে বিদ্যালয়ে বন্যাপীড়িতদের সঙ্গে দেখা করে তিনি ৫০০ ধর নির্মাণ করার ঘোষণা করেন৷ সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, কাওকে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, প্রত্যেকের মাথা গোঁজার স্থান হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে৷ তিনি আরও বলেন, সরকার কিছু টাকা দিয়েছে, এবং তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা আরও কিছু টাকা তাতে যোগ করে এই কাজ করবে৷
প্রসঙ্গত, মহারাষ্ট্রেও বন্যার ফলে বহু জায়গার রাস্তায় ধস নেমেছে৷ নদীর জল ক্রমশ বিপদ সীমার উপর দিয়ে বইছে। অতিরিক্ত বৃষ্টির ফলে রেল লাইন ডুবে গিয়েছে জলের নীচে৷ যার ফলে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন৷ এমনকি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি অফিস,স্কুল, কলেজ, ব্যাংক৷
বন্যা পরিস্থিতি ক্রমশয় ভয়াবহ হয়ে পড়ছে ভারতের দক্ষিণের রাজ্য গুলিতে৷ শুধু কেরলে নয়, কর্ণাটক ও মহারাষ্ট্রেও অনবরত বৃষ্টির ফলে নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। বিপর্যস্ত হয়ে পড়ছে সবকটি রাজ্যের জনজীবন৷ সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে প্রাণ হানির সংখ্যাও।
সরকারের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যে এক লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে বন্যায় প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কর্ণাটকের ৮৭৪ টি গ্রাম বন্যা কবলিত, দিশেহারা মানুষজনের অবস্থা এবং বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ১১ অগস্ট কর্ণাটকের বেলাগভি জেলা পরিদর্শনে যান অমিত শাহ।



