
চরম উত্তেজনা, প্রবল চাপে অকেজো এনআরসি ওয়েবসাইট
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লাখে লাখে মানুষ উদগ্রীব ছিলেন। সেই চাপ ধরে রাখা সম্ভব ছিল না। ফলে নির্দিষ্ট সময় আসতেই লক্ষাধিক জন একসঙ্গে এনআরসি ওয়েব সাইটে ঢুকে পড়েন নিজেদের অবস্থান জানতে। তাতেই হল কাল। প্রবল চাপে ভেঙে পড়ল সাইট। সাময়িক অকেজে হয়ে যায় সাইট। ফলে আরও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ১৯ লক্ষের বেশি জন তালিকার বাইরে রয়েছেন।
এতেই আরও ভয় ছড়িয়ে পড়ে। কে রইলেন তালিকায়, কে রইলেন না তা নিয়ে শুরু হয় ফের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা। কিন্তু ততক্ষণে সাইট বসে গিয়েছে। পরিস্থিতি আঁচ করে তৈরি থাকা আইটি এক্সপার্টরা দ্রুত নেমে পড়েন। সর্বশেষ খবর যা মিলেছে কেনওরকমে সেই সাইট চালু করা গিয়েছে।
অসমে প্রকাশিত হয়েছে বহু প্রতিক্ষীত জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। সেই তালিকায় নাম নেই ১৯,০৬,৬৫৭ জনের। তাঁরা এই মুহূর্ত থেকে আর ভারতীয় নন। তাঁদের কোনও দেশই নেই। এই অবস্থায় ভেঙে পড়েছেন যাদের নাম উঠল না। উল্টোদিকে যারা নাম তুলতে পারলেন, তাঁদের চোখে মুখে আপাত স্বস্তি।
আগেই বলা হয়েছিল ৩১ অগস্ট চূড়ান্ত দিন। তার আগে খসড়া তালিকা প্রকাশিত হয়। তাতে বাদ পড়েছিলেন ৪০ লক্ষ মানুষ। তারপরে আরও ১ লক্ষের বেশি জনের নাম কাটা পড়ে।
খসড়ার পর পূর্ণাঙ্গ তালিকায় দেখা গেল সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯ লক্ষ। তবুও এই লক্ষ লক্ষ অসমবাসী বিশেষ করে অসমে থাকা বাঙালিদের বড় অংশ এখন কী করবেন তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও অসম সরকার আগেই জানিয়েছে, যাদের নাম বাদ পড়বে তারা ফরেন ট্রাইবুন্যালে আপিল করতে পারবেন। কিন্তু আইনগত জটিলতা কাটিয়ে কতদূর কী করা সম্ভব সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এনআরসি তালিকার চূড়ান্ত প্রকাশের পর অসম জুড়ে বিক্ষিপ্ত হিংসা ছড়ানোর আশঙ্কা থাকছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকার হাইলাকান্দি, করিমগঞ্জ, কাছাড়ে।
এনআরসি-তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে বলেই দাবি সরকারের। আর পাল্টা অভিযোগ, অসমবাসী মুসলিম বাংলভাষীদের দেশহীন করে দেওয়ার ছক তৈরি করেছে সরকার।
১৯৭১ সালের ২৪ মার্চের সময় অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ শুরুর দিন থেকে পাকিস্তানি সেনা গণহত্যা শুরু করেছিল। যারা চলে এসেছিলেন তাদের অনেকেই ফিরে যাননি বলেই অভিযোগ উঠতে থাকে অসমে। দীর্ঘ সময় পরে, সেই অভিযোগের ভিত্তিতে জারি হয় এনআরসি।



