
ছাত্রদলের সভাপতি প্রার্থী আওয়ামী লীগ নেতার ছেলে
রূপসী বাংলা নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে বৈধ সভাপতি প্রার্থী ১৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় অন্যতম প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
তার বাবা যশোরের কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম।
স্থানীয় ও ছাত্রদল সূত্র জানিয়েছে, ১৪ সেপ্টেম্বর বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ২৭ জন মনোনয়ন জমা দিলেও ১৫ জন বৈধ প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪৯ জন মনোনয়ন জমা দিলেও বৈধ প্রার্থী হয়েছেন ৩০ জন।
ছাত্রদলের সভাপতি প্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণের বড় ভাই কাজী মুস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মেজো ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। সেজো ভাই কাজী আজাহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।



