
বিকাশহীন ১০০ দিন, মোদীকে তুলোধনা রাহুলের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দ্বিতীয় মোদী সরকারের ১০০ দিন পূর্তিতে কড়া সমালোচনা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তিনি বলেন মোদী সরকারকে অভিনন্দন, বিকাশহীন ১০০ দিন পেরোনোর জন্য। কড়া ভাষায় তাঁর কটাক্ষ দেশের সার্বিক বিকাশের গতি রুদ্ধ করে দিয়েছে এই সরকার।
রাহুল গান্ধীর মতে দেশে এখন নেতৃত্বহীনতা তৈরি হয়েছে।কোনও নতুন দিশা নেই, কেন্দ্রের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ। তাও মানুষের মন ঘোরানোর জন্য নিত্যনতুন ফন্দি আঁটছে মোদী সরকার। রাহুলের দাবি দেশে কোনও কর্মসংস্থানের পথ তৈরি করেনি সরকার। বাড়ছে বেকারত্ব, দারিদ্রতা। দেশের অর্থনীতি পুরোপুরি বিধ্বস্ত।
এদিন একটি ট্যুইট করেন এই কংগ্রেস নেতা। তিনি লেখেন মোদী সরকারকে অভিনন্দন #100DaysNoVikas-এর জন্য।
কংগ্রেসের পক্ষ থেকেও এদিন মোদী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে সমালোচনা করা হয়। ঔদ্ধত্য, স্থিতিশীলতার অভাব ও রাজনীতির মেরুকরণ এই তিনটি শব্দ দেশ পেয়েছে মোদী সরকারের দ্বিতীয় দফায়। ট্যুইট করে জানায় কংগ্রেস। কংগ্রেসের দাবি, কাশ্মীর সমস্যা আরও মাথা চাড়া দিয়ে উঠেছে। অর্থনীতি ধ্বসে পড়েছে। অসমের সাধারণ মানুষকে এনআরসির নামে হয়রানির শিকার হতে হচ্ছে। সব মিলিয়ে দেশের কোনও প্রান্তে স্বস্তিতে নেই মানুষ।
কংগ্রেসের আরও অভিযোগ নিরাপত্তার নামে বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। গণতন্ত্রকে দেশে হত্যা করেছে মোদী সরকার। কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বলও এদিন মোদী সরকারকে একহাত নেন। তিনি বলেন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে এসে বিজেপি মানুষের স্বার্থে কাজ করতে পারত। মানুষ সেই ভেবেই ভোট দিয়ে তাঁদের নির্বাচিত করেচিলেন, কিন্তু বাস্তবে দেখা গেল, ঠিক তার উলটো পরিস্থিতি তৈরি হয়েছে।
কপিল সিব্বল এদিন বলেন সাধারণ মানুষকে নিয়ম কানুনের নামে সমস্যায় ফেলা হচ্ছে। সংবাদমাধ্যমকে নিরপেক্ষ থাকতে দেয়নি বিজেপি। ভয় দেখিয়ে তাদের দিকে করে নিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে ক্রমশ পিছোচ্ছে দেশ। ছোট ছোট ব্যবসায়ীরা মরতে বসেছেন, অথচ মোদী সরকার ঘনিষ্ঠ বড় ব্যবসায়ী লাভের পর লাভ করে চলেছে।
কংগ্রেস এদিন অভিযোগ করে ইডি, সিবিআই ও আয়কর দফতরকে অপব্যবহার করে চলেছে এই সরকার। ক্ষমতা দেখিয়ে এদের ব্যবহার করা হচ্ছে বিরোধী দলগুলির কণ্ঠস্বর রোধ করে দেওয়া হচ্ছে।



