
রূপসী বাংলা নিউজ ডেস্ক: আইনি লড়াই চালিয়ে স্থগিতাদেশ তোলার পরই ছাত্রদলের কাউন্সিল আয়োজন হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের শামসুজ্জামান দুদু। ছাত্রদলের সাবেক সভাপতি দুদু সংগঠনের এবারের কাউন্সিল পরিচালনায় গঠিত আপিল কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা আদালত যাব, এটা সিদ্ধান্ত হয়েছে। স্থগিতাদেশের বিষয়টি ফয়সালা হলে কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হবে।
কমিটি বিলুপ্তির পর আজ শনিবার ছাত্রদলের কাউন্সিল আয়োজনের দিন ঠিক ছিলো। কিন্তু দুদিন আগে ছাত্রদলের সাবেক কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক আমানুল্লাহ’র আবেদনে আদালত কাউন্সিল স্থগিত করে।
স্থগিতাদেশের পর করণীয় ঠিক করতে শুক্রবার সাবেক ছাত্রনেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ আইনজীবীদের নিয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকে নিম্ন আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করতে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়।
কাউন্সিল পরিচালনায় যুক্ত ছাত্রদলের সাবেক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববারই আইনজীবীরা উচ্চ আদালতে যাবেন। স্থগিতাদেশ উঠে গেলেই খুব শিগগিরই কাউন্সিল হবে।
ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ৫৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন।



