
বাংলায় NRC কবে? ধোঁয়াশা রেখেই দিলেন অমিত শাহ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: তাঁর বিভিন্ন বক্তব্যের মাঝেও যে বিষয়টি নিয়ে আলোকপাত করেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা হল বাংলায় কবে NRC হবে৷ অমিত শাহর বক্তব্য শুনতে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন৷ কারণ একটাই, বাংলায় NRC এর ব্যাপারে যদি কিছু বলেন অমিত৷ বাংলায় NRC এর ব্যাপারে কিছু স্পষ্ট কিছুই বলেননি অমিত৷ শুধু বলেছেন, বাংলায় NRC নিয়ে ভুল বোঝানো হচ্ছে৷ এই সংবেদনশীল বিষয় নিয়ে মজা করা উচিত নয়৷
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, NRC এর আগে নাগরিকত্ব সংশোধনী বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল (CAB) হবে৷ তিনি এও বলেছেন, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷ অমিত বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, ‘‘একবার টিভি চালিয়ে দেখুন ২০০৪-০৫ সালে আপনি কী বলেছিলেন৷’’ অমিত বলেছেন, ‘‘আমরাও রাজনৈতিক দল চালাই৷ কিন্তু দেশের বিষয় আসলে বিজেপির কথা চিন্তা করি না৷’’
শুধু তাই নয়, অমিত আরও বলেন, ‘‘কমিউনিস্টরা বেআইনি অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে৷ মমতাদি তখন সরব হয়েছেন৷ কিন্তু এখন তিনি একই কাজ করছেন৷ শুধু ভোটব্যাংক অটুট রাখার জন্য?’’ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার যে বক্তব্য রেখেছেন, তাতে তিনি সাফ জানিয়েছেন, কোনও দেশ এত অনুপ্রবেশকারী নিয়ে চলতে পারে না৷ বাংলা পূণর্গঠনের কাজ শুরু করতে হবে৷ এই বাংলা শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের পীঠস্থান৷ এই বাংলাকে ফের সোনার বাংলা করতে হবে৷ এই বাংলার পরিবর্তন চায় জনতা৷ ২০১৪ সালে মাত্র ২টি আসন পেয়েছিল বিজেপি৷
কিন্তু ২০১৯ সালে ১৮টি আসন দিয়েছে বাংলার জনতা৷ উল্লেখ্য, সংসদে বাংলার বেআইনি অনুপ্রবেশ নিয়ে বারবার সরব হয়েছেন মমতা৷ একমাত্র নরেন্দ্র মোদীই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলার জনতাকে বাঁচাতে পারেন – লোকসভা নির্বাচনের আগে কিছু এই ধরণের বক্তব্য রেখেই পশ্চিমবঙ্গে প্রচার শুরু করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গজুড়ে ‘এনআরসি’ – এর রাজনৈতিক পরিপ্রেক্ষিকতা অনেক আগেই অনুধাবন করেছিলেন শাহ।
তারপর থেকেই, বাংলার নির্বাচনের পরিপ্রেক্ষিতে কৌশলগতভাবেই ‘এনআরসি’-ইস্যুটি প্রবলভাবে প্রকাশ্যে এনেছে বিজেপি৷ নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বিজেপির প্রথমসারির নেতারা সরাসরি বলেছেন, এনডিএ সরকারের পরবর্তী লক্ষ পশ্চিমবঙ্গে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জীকরণ চালু করা৷ ভোটের রাজনীতিতে ফলাফলও হাতেনাতে পাওয়া গিয়েছে। লোকসভায় ১৮ টি আসন পেয়ে তৃনমূল কংগ্রেসকে ‘কড়া ট্যাকেল’ করতে পেরেছে রাজ্য বিজেপি।
অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হলে বাংলাদেশ এবং নেপাল থেকে আগত হিন্দু শরণার্থীরা ভারতীয় হবেন৷ কৌশলগতভাবে এই বিষয়টিও ভাসিয়ে রেখেছেন অমিত শাহ। মঙ্গলবারও নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাই তিনি বলেছেন, CAB আগে NRC পরে৷ কিন্তু, কিন্তু কবে বাংলায় NRC? CAB পাশ হওয়ার ঠিক পরেই কী? তা তিনি স্পষ্ট করেনি৷



