
উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশিদের শনাক্তের পর ফেরত পাঠানোর নির্দেশ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতের আসামে জাতীয় নাগরিক পঞ্জিকার (এনআরসি) তালিকা প্রকাশের পর এবার উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশি ও অনন্য বিদেশিদের শনাক্তের পর ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দেশটির গণমাধ্যম থেকে জানা যায়, বাংলাদেশিসহ বিদেশিদের চিহ্নিত করার লিখিত নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ সরকারের প্রশাসন।
রাজ্যের পুলিশের মহাপরিদর্শক (ডিজি) ওই নির্দেশ দিয়ে বলেছেন, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিহ্নিতকরণের পর বিদেশিদের নিজের নিজের দেশে ফেরত পাঠানো হবে বলেও ওই নির্দেশে বলা হয়েছে।
ডিজির ওই নির্দেশে সব জেলার পুলিশ কর্মকর্তাদের সর্বত্র চিরুনি তল্লাশি চালানোর নির্দেশ দেয়া হয়েছে। স্টেশন, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, বস্তি, অস্থায়ী আস্তানা, ভাড়াটে— সন্দেহ হলে যে কারও কাছেই পুলিশ নথি চাইতে পারে এবং সাধারণ মানুষ তা দেখাতে বাধ্য।
নির্মাণ সংস্থা এবং ঠিকাদারদের উদ্দেশে বলা হয়েছে, সব শ্রমিকের উপযুক্ত নাগরিকত্বের প্রমাণ হাতের কাছে রাখতে। সেখানে বাংলাদেশি বা অন্য কোনও দেশের নাগরিক হিসেবে প্রমাণ হলে তাদের আঙুলের ছাপ নেয়া হবে।
ভুয়া নথি বা নাগরিকত্বের প্রমাণ খুঁজতে এবং প্রমাণ হলে কড়া ব্যবস্থার কথাও বলা হয়েছে ডিজির নির্দেশে। কোনো সরকারি কর্মকর্তার সহায়তায় নথি তৈরি হয়েছে, এমন প্রমাণ মিললে ওই কর্মকর্তাদেরও কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশনায়।
গত মাসেই আসাম এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ১৯ লাখ মানুষ। শেষ পর্যন্ত ফরেনার্স ট্রাইবুনাল এবং সুপ্রিম কোর্টে নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তারা বিদেশি হিসেবে চিহ্নিত হবেন। এই নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার পর তাকে সমর্থন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রয়োজন হলে তার রাজ্যেও যে এই ব্যবস্থা চালু করতে পারেন, সেটাও কার্যত স্পষ্টই বলেছিলেন যোগী। এবার কার্যত মুখ্যমন্ত্রীর সেই পথেই হাঁটল রাজ্যের পুলিশ-প্রশাসন। যদিও মুখ্যমন্ত্রী নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।



