
সিএবি বা নাগরিকত্ব আইন ঠিক কি বলেছে জেনে নিন
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দুর্গা পুজোর আগে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলে গিয়েছেন আগে সিটিজেনশিপ (আমেন্ডমেন্ট) বিল বা নাগরিকত্ব বিল বা সিএবি আইন হিসাবে আসবে। তারপর এন আর সি-এর কাজ শুরু হবে।
জেনে নেওয়া প্রয়োজন, কী এই সি এ বি? একটি বিষয় শুরু থেকেই বুঝে নিতে হবে যে, এনআরসি হল একটি সরকারি পদ্ধতি৷ কিন্তু সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল বা নাগরিকত্ব বিল বা সিএবি একটি আইনি প্রক্রিয়া৷ এটি লোকসভায় পাশ হলেও রাজ্য সভায় পাশ হয়নি।
এই বিল আইন হিসাবে পাশ এখনও হয়নি৷ মোদী সরকার এই বিলকে আইন বানিয়েই অনুপ্রবেশকারিদের দেশের নাগরিকদের থেকে আলাদা করতে চাইছে।
অর্থাৎ এনআরসি হল সরকারি ভাবে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ পদ্ধতি৷ নাগরিকত্ব বিল, যা পরবর্তীকালে আইন হিসাবে আসতে চলেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী দাবি করেছেন, তা হল একটি আইনি প্রক্রিয়া৷
প্রথমেই বলে রাখা ভালো ১৯৫৫ সালে পাশ হওয়া নাগরিকত্ব বিলের সঙ্গে সংশোধিত বিলের বিশেষ তফাত কিছুই নেই৷ বিলে যা আছে, তা ব্যাখ্যা করলে বলতে হবে, বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা মুসলমানরা যেমন বেআইনি অনুপ্রবেশকারী, অন্যদিকে ওই তিন দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্শি, শিখ বা খ্রিস্টানদের মতো ধর্মীয় সংখ্যালঘুরা হলেন শরণার্থী৷
ভারতের সরকার, প্রতিবেশি দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় দেবে৷ কারণ, তাঁরা বিপদের মুখে নিজের দেশ ছেড়ে পালিয়ে এসেছেন৷ অন্যদিকে মুসলমান অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে, কারণ সীমান্তের ওপার থেকে রোজগার বা বাসস্থান খুঁজে পেতে, কিংবা কোনও অসৎ উদ্দেশ্য নিয়েই তাঁরা এদেশে এসেছে৷ এটি বিলের মূল বক্তব্য।
তবে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের সংখ্যালঘুরা, যারা গত একবছর ভারতে রয়েছেন বা শেষ ৭ বছর ধরেই এই দেশে রয়েছেন, তারাই নাগরিকত্ব আইনের (বিল আইন হিসেবে পাশ হয়ে যাওয়ার পর) আওতায় নাগরিক হতে পারবেন৷ অন্যদিকে, ওভারসিজ সিটিজেন কার্ডহোল্ডারা (ওসিসি) কোনও অনৈতিক কাজ করলে তাঁদের নথীভুক্তিকরণ বাতিল হতে পারে৷
এবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন তারিখ পর্যন্ত প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ এবং আফঘানিস্তানের সংখ্যালঘুদের ভারতে জায়গা দেওয়া হবে? লোকসভায় সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিল ২০১৯ পাশ হয়েছে। সেখানে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের কথা বলা আছে।



