প্রধান খবরভারত

এবার ভারতে বাড়ছে পেঁয়াজের দাম

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেনে যখন গোলাপি টেস্টে বিরাট কোহলির সেঞ্চুরি নিয়ে প্রবল হৈ চৈ, তখন কলকাতার বাজারে নীরবে সেঞ্চুরি করে ফেললো পেঁয়াজও।

জিনিউজ জানায়, বৃহস্পতিবার ৭০, শুক্রবার ৮০, শনি ও রোববার ৯০ এবং সোমবার ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে কলকাতার বাজারে।

মঙ্গল ও বুধবার আরও ১০ টাকা করে বেড়ে স্মরণাতীতকালের মধ্যে পেঁয়াজ ১২০ টাকা ছুঁতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কলকাতার বিক্রেতারা।

সোমবার ভোরে কলকাতার কোলে মার্কেটের নফরবাজার পেঁয়াজপট্টিতে ৫০০ টাকা করে পাল্লা কিনেছেন ক্রেতারা। সেখানকার পাইকারি বিক্রেতারা বলেন, মঙ্গলবার থেকে পাল্লাপিছু দাম সাড়ে ৫০০ টাকা হবে। যার অর্থ, কেজিপ্রতি ১০ টাকা মার্জিন রেখে পেঁয়াজ বিক্রি করতে গেলে খুচরা বিক্রেতাকে তা কমপক্ষে ১১৫ বা ১২০ টাকায় বেচতে হবে।

কলকাতার ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমের পেঁয়াজের এটাই শেষ স্টক। আপাতত আর জোগান নেই। কিন্তু চাহিদা বরাবরের মতো একই আছে। তাই দামের এই হাইজাম্প।

রাজ্যে চলতি মৌসুমে পেঁয়াজের মোট চাহিদা সাড়ে ৯ লাখ টন। রাজ্যে উত্পাদন হয় প্রায় সাড়ে ৬ লাখ টন। বাকি ঘাটতি এতদিন মিটিয়ে এসেছে নাসিক। গত আগস্টে নাসিকে ভয়াবহ বন্যায় সাড়ে ১৮ লাখ টন পেঁয়াজ পচে নষ্ট হয়েছে। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ার জন্য বন্যাকে কারণ হিসেবে হাজির করেছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে ভারতের রাজস্থান ও কর্ণাটক প্রদেশ থেকে চলতি মাসের শেষ দিকে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আমদানি করবে বলে জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, সেই পেঁয়াজ না পৌঁছানো পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।

তবে ইতিমধ্যে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension