
‘অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা তৈরি করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বের অসাধারণ বলিষ্ঠতা, দৃঢ়তা ও গুণাবলি জাতিকে সঠিক পথের দিক-নির্দেশনা দিয়েছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অসাধারণ অবদান রেখেছেন। গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম সেটি এখনও বাংলাদেশ আওয়ামী লীগ অনুসরণ করে যাচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।’
মন্ত্রী বলেন, ‘আদালত খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।’



