
গুয়াহাটি থেকে উঠল কারফিউ, স্বাভাবিক ব্রডব্যান্ড পরিষেবা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে কয়েকদিন ধরেই উত্তপ্ত অসম। তবে আগের তুলনায় উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি এখন তুলনামূলকভাবে অনেক স্বাভাবিক। সেই কারণেই মঙ্গলবার ভোর ৬টা নাগাদ গুয়াহাটি থেকে তুলে নেওয়া হল কারফিউ।
স্বাভাবিক হয়েছে ব্রডব্যান্ড পরিষেবাও। গুয়াহাটির পাশাপাশি ডিব্রুগড়েও মঙ্গলবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর থেকেই গোটা উত্তর-পূর্ব ভারতজুড়ে ক্ষোভের আগুন স্বলতে থাকে। রাস্তায় নেমে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন সাধারণ মানুষ। একাধিক সংগঠনের তরফে অসমের দিসপুর, ডিব্রুগড়, বঙ্গাইগাঁও-সহ একাধিক জেলায় প্রতিবাদ-আন্দোলন শুরু হয়।
বিলটি আইনে পরিণত হওয়ার পরেই আরও উত্তপ্ত হয় উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় অসমজুড়ে। রাস্তায়-রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানো হয়। ১১ ডিসেম্বর থেকে অসমে জারি হয় কারফিউ। একইসঙ্গে বন্ধ হয়ে যায় ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা।
অসমের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে নিরাপত্তার স্বার্থে গত সপ্তাহে বাতিল করে দেওয়া হয়েছিল বেশ কিছু বিমান। এখনও পর্যন্ত অসমের বিভিন্ন শাখায অনিয়মিত ট্রেন চলাচল। যদিও সোমবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করে উত্তেজনার পারদ। গুয়াহাটির পরিস্থিতি পর্যালোচনায় বসেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখার পরই মঙ্গলবার ভোর থেকে কারফিউ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। তবে শুরু থেকে কেন্দ্রের এই নয়া আইনের সবচেযে বেশি প্রতিবাদ দেখা গিয়েছে অসমে। সংসদে বিল পেশের তোড়জোড়ের সময় থেকেই ক্ষোভে ফুঁসছিলেন উত্তর-পূর্বের এই রাজ্যের একটি বড় অংশের বাসিন্দারা। লোকসভায় তুমুল বাগবিতণ্ডার মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিরোধীদের তুমুল প্রতিবাদ সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থনে বিল পাশ করিয়ে নিতে বিশেষ বেগ পেতে হয়নি মোদি-শাহদের। একইভাবে রাজ্যসভায নাগরিকত্ব বিল পেশ হওয়ার পরেও কেন্দ্রের বিরোধিতায় সরব হয় কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী দল। সেখানেও সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থনে বিলটি পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। বিলে রাষ্ট্রপতির অনুমোদনের পরে তা এখন আইন। কেন্দ্রের সংশোধিত আইনের প্রতিবাদে শুধুই উত্তর পূর্বের অসম, মণিপুর, ত্রিপুরা নয়, অশান্তির আগুন জ্বলছে বাংলাতও। কেন্দ্রের এই নয়া আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে চলছে প্রতিবাদ, আন্দোলন।



