প্রধান খবরভারত

দিল্লিতে জামিয়ার বিক্ষোভে আবারও গুলি

ভারতের রাজধানী দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সংশোধিক নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে আবারও গুলি করা হয়েছে। এ নিয়ে গত চারদিনে দিল্লিতে সিএএ-বিরোধী বিক্ষোভে তৃতীয়বারের মতো গুলি করা হলো।

জামিয়া কোর্ডিনেশন কমিটির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রোববার রাতের সর্বশেষ এ হামলায় কেউ আহত হয় নি।

জামিয়া কোর্ডিনেশন কমিটি আরও জানিয়েছে, সন্দেহভাজন দু’জন, তাদের মধ্যে একজন লাল জ্যাকেট পরে স্কুটারে করে এসে বিশ্ববিদ্যালয়টির ৫ নম্বর গেটের বাইরে থেকে গুলি করে।

দক্ষিণ দিল্লির শাহিনবাগের সড়কে অবস্থান নিয়ে গত দুই মাস ধরে সিএএ-বিরোধী বিক্ষোভ করছে প্রতিবাদকারীরা। এখানে তাঁবু গেড়ে রাতদিন অবস্থান করছে তারা। এর দুই কিলোমিটার দূরে জামিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে গুলির ঘটনা ঘটল।

শিক্ষার্থীদের বরাতে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জগদীশ যাদব বলেছেন, বক্তব্য রেকর্ড করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী একটি মামলা করা হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে, তারা ৫ নম্বর গেট ও ৭ নম্বর গেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে। পরে বিস্তারিত যেসব তথ্য পাওয়া যাবে, মামলায় অন্তর্ভুক্ত করা হবে, (তারপর) ব্যবস্থা নেওয়া হবে।

সিএএ-বিরোধী প্রতিবাদের অংশ হিসেবে প্রতি রাতেই জামিয়া বিশ্ববিদ্যালয়ের গেটগুলোর আশপাশে অবস্থান নিয়ে অল্প কিছু লোক বিক্ষোভ দেখিয়ে আসছে।

তাদের মোবাইলে ধারণ করা ও টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শুনে সড়কবাতির ম্লান আলোর মধ্যে লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করছে।

শনিবারও শাহিনবাগে পুলিশের ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের গুলি ছুড়েছিল এক ব্যক্তি। এতে এক শিক্ষার্থী আহত হয়। পুলিশের চোখের সামনে এ ঘটনা ঘটলেও তারা তাৎক্ষণিক কোনও পদক্ষেপই নেয় নি।

পরে প্রতিবাদের মুখে গুলিবর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর তিনদিন আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল কিশোর এক আততায়ী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension