প্রধান খবরভারত

১৪ বছরের সাজা লালুর, বাবার প্রাণের আশঙ্কা করছেন তেজস্বী

রূপসী বাংলা ডেস্ক:বাবার প্রাণহানির আশঙ্কা করছেন পশুখাদ্য কেলেঙ্কারিতে ১৪ বছর কারাদণ্ডের সাজা পাওয়া লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। তিনি বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে বলেছেন, ‘আমরা হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাব। চারটি মামলার রায়ের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। বিজেপি-র চক্রান্ত দেখে আমি নিশ্চিত, লালুজির জীবনের আশঙ্কা আছে।’

#এদিন লালুকে রাঁচির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে গিয়ে দেখে আসেন বিদ্রোহী বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। পটনা সাহিব কেন্দ্রের সাংসদ আরজেডি সভাপতিকে সবচেয়ে জনপ্রিয় ভূমিপুত্র, জননেতা আখ্যা দিয়ে বলেন, তিনি ভাল থাকুন, তাঁর সুদীর্ঘ জীবন কামনা করি। দ্রুত সুস্থ হয়ে উঠুন উনি।

বিহারীবাবু যেদিন লালুকে দেখে এলেন, সেদিনই লালু আরও একটি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী ঘোষিত হওয়ার পর ১৪ বছরের কারাবাসের সাজা পেয়েছেন, ৬০ লক্ষ টাকা জরিমানাও হয়েছে। তাঁর আজকের পদক্ষেপের পর জল্পনা ছড়িয়েছে, আগামী দিনে তিনি কী করতে চলেছেন। এদিন ট্যুইটে শত্রুঘ্ন অনুযোগ জানান, বিহার সরকার আয়োজিত যে বিহার দিবস উদযাপন পর্ব আজ শেষ হয়েছে, সেখানে তাঁকে ডাকা হয়নি।

নয়াদিল্লি: চতুর্থ পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ভারতীয় দণ্ডবিধি ও দুর্নীতি রোধ আইনের দুটি ধারায় ৭ বছর করে মোট ১৪ বছরের কারাবাসের সাজা হল লালুপ্রসাদ যাদবের। দিনকয়েক আগেই রাঁচির বিশেষ সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সভাপতিকে এই মামলায় দোষী সাব্যস্ত করে, যদিও রেহাই পান রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র।
আজ লালুর আইনজীবী প্রভাত কুমার সাজা ঘোষণার পর জানান, ৩০ লাখ করে দুটি ধারায় মোট ৬০ লাখ টাকা জরিমানাও হয়েছে তাঁর। দুটি কারাবাসের সাজা পরপর চলবে।
পশুখাদ্য কেলেঙ্কারির প্রথম মামলায় ৫ বছরের জেল, ২৫ লক্ষ টাকা জরিমানা হয়েছে লালুর। দ্বিতীয় মামলায় সাড়ে তিন বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা হয়েছে। তৃতীয় মামলায় ৫ বছরের জেল ও ৫ লক্ষ টাকা ফাইন দিতে হবে লালুকে।

নয়ের দশকে দুমকা ট্রেজারি থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা জালিয়াতি করে তুলে নেওয়ার মামলায় বিশেষ সিবিআই বিচারক শিবপাল সিংহ আরজেডি সভাপতির দুটি সাজা ঘোষণা করেন আজ।
রায়ের বিরুদ্ধে লালু উচ্চতর আদালতে আবেদন করবেন বলে জানান তাঁর কৌঁসুলি।

গত ১৯ মার্চ ৬৯ বছর বয়সি লালুকে ১৮ জনের পাশাপাশি আরসি ৩৮ এ/৯৬ মামলায় দোষী ঘোষণা করে আদালত। আর ১২ জন অভিযুক্তের পাশাপাশি মামলা থেকে অব্যাহতি পান জগন্নাথ মিশ্র।
লালু দেওঘর ট্রেজারি থেকে বেআইনি অর্থ আত্মসাতের দ্বিতীয় মামলায় গত ২৩ ডিসেম্বর থেকে রাঁচির বিরসা মুন্ডা জেলে সাজা খাটছেন। জেলে শারীরিক সমস্যা, বুকে ব্যাথা অনুভব করায় গত সপ্তাহে তাঁকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension