
নিউইয়র্কে,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালিত
রূপসী বাংলা ডেস্ক:রাজাকার মুক্ত সোনার বাংলা গড়তে চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে প্রবাসীদের ঐক্য’র আহবানে যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, যুক্তরাষ্ট্র উদীচীর পৃথক ৩টি সমাবেশ হয় ২৫ মার্চ রোববার রাতে। সমাবেশসমূহে শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত করাও হয়। ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’র স্বীকৃতি আদায়ে জাতিসংঘে দেন-দরবার অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘বিশেষ এক বার্তা নিয়ে এবার মহান স্বাধীনতা দিবস সমাগত। এদিন শপথ নিতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার। সামনের নির্বাচনে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতেও নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই ৩০ লাখ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল বাঙালির ঘরে উঠানো সম্ভব হবে।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্যে শেখ হাসিনার সরকার সুযোগ-সুবিধা বাড়িয়েছেন। একারণে অনেক রাজাকারও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ভ’য়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত যোদ্ধারা সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন। এবারের স্বাধীনতা দিবসে সকলের সংকল্প হওয়া উচিত সকল ভ’য়া মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করার।’
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এ আলোচনা সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, লুৎফুল করিম, আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, হাজী এনাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, শিল্প বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার প্রমুখ।



