
প্রধান খবরবাংলাদেশ
পুলিশকে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণের নির্দেশ
সাধারণ জনগণের সাথে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী।
সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাস্তাঘাটে চলাচল সীমিত করার সরকারি নির্দেশ রয়েছে।
এ নির্দেশ বাস্তবায়নে মাঠে আছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
নির্দেশ বাস্তবায়নে জনগণকে পিটুনি দেওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এমনকি জরুরি সেবায় যারা নিয়োজিত তাঁরাও কোথাও কোথাও হেনস্তার শিকার হন।
এরই পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক এই বার্তা দিলেন।
আইজিপি-র নির্দেশে বলা হয়েছে, জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সব জরুরি জরুরী সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন।
দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।
উল্লেখ্য বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে।
সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন পাঁচজন।
এ ভাইরাসের সংক্রামণ ঠেকাতে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেওয়া হয়েছে।
আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।
বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী। ♦



