
স্পেনে লকডাউন শিথিলের তিনদিন পর বেড়ে মৃত্যু
স্পেনে লকডাউন শিথিলের তিনদিন পর করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে আবারও বাড়তে শুরু করেছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৮৫ জন; যা আগের দিনের তুলনায় ৩৪ জন বেশি।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৮ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ স্পেন। সেখানে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৪৭৮ জন।
স্প্যানিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫ হাজার ২৫২ জনকে করোনায় সংক্রমিত হিসাবে শনাক্ত করেছে।
এর ফলে দেশটিতে করোনা সংক্রমণের হার ২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশটির আঞ্চলিক কর্মকর্তারা করোনায় মৃত এবং আক্রান্তের সংখ্যা সরকারিভাবে যা জানানো হচ্ছে তারচেয়ে অনেক বেশি হবে বলে অভিযোগ করেছেন।
স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়া কর্তৃপক্ষ বুধবার থেকে সেখানকার হাসপাতাল, বাসা ও সরকারি-বেসরকারি নার্সিং হোমে করোনায় মৃতদের সংখ্যা নথিভূক্ত করছে।
যে কারণে এই অঞ্চলে মৃতের সংখ্যা ২৪ ঘণ্টায় দ্বিগুণ হয়েছে।
কয়েকদিন ধরে দেশটিতে করোনায় মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা কমে আসায় পরিস্থিতির উন্নতি দেখছে স্পেন সরকার।
যে কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ শিল্প ও উৎপাদন খাত পুনরায় খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে লকডাউন শিথিলের পরদিন থেকেই দেশটিতে সংক্রমণ এবং মৃত্যু আবারও বাড়তে শুরু করেছে।



