
নিউ ইয়র্কে ট্রাম্পের হোটেলের সামনে লাশবাহী ব্যাগ রেখে বিক্ষোভ
নিউইয়র্কে করোনাভাইরাস মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতাকে দায়ী করে আন্তর্জাতিক ট্রাম্প হোটেলের সামনে লাশ বহনের ব্যাগ রেখে বিক্ষোভ ও প্রতিবাদ করা হয়েছে।
ব্রিটেনের বিখ্যাত ট্যাবলয়েড দ্য সান এ খবর দিয়েছে। এর আগে ডেমোক্র্যাটসের অমার্জিত ও নোংরা বলে আখ্যায়িত করেন ট্রাম্প।
শনিবার সেন্ট্রাল পার্ক হোটেলের সামনে বেশ কয়েকটি লাশ বহনের ব্যাগ সারিবদ্ধ করে রাখা হয়। ব্যাগের ওপর লেখা ছিল, ‘হাজতে কোভিড-১৯ ভাইরাসে মৃত অভিবাসীদের প্রতিনিধিত্ব করছে এসব ব্যাগ,’ এবং ‘ট্রাম্প= লাশ’।
প্রতিবাদকারীরা নিজেদের নাম দেন ‘ফ্যাসিবাদ প্রত্যাখ্যানকারী’ বলে। বিখ্যাত হোটেলটির সামনে তাদের প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
ক্রিশ্চিয়ান নামের এক বিক্ষোভকারী বলেন, ট্রাম্প এই ভাইরাসকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন। যদি আমরা এখনই এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে হয়তো আমরা গণতন্ত্র হারাব। ভাইরাসকে তিনি ফ্যাসিস্ট এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করতে পারেন।
তিনি আরও জানান, ট্রাম্পের ব্যর্থতার কারণে অনেক মৃত্যু, অনেক সংক্রমণ এবং অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যদি ট্রাম্প এবং মাইক পেন্স সরকারে না থাকতো তাহলে আমাদের এই ক্ষতি হতো না। এ কারণেই আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার পর্যন্ত এই বৈশ্বিক মহামারীতে দেশটিতে ৪০ হাজার ২২৭ জন মারা গেছেন।
ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৭ লাখ ৫৭ হাজার ৭৪৭ লোক আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বের যে কোনও দেশের তুলনায় যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে।◉



