
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ঘটেছে। এ নিয়ে নিউইয়র্কে এই মহামারীতে ২৪২ জন বাংলাদেশী প্রাণ দিলেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ৬ রাজ্য মিলিয়ে মোট ২৬৩ জন বাংলাদেশি মারা গেলেন।
নিউ ইয়র্ক ছাড়া নিউজার্সিতে ৮ জন, মিশিগানে ৬ জন, ভার্জিনিয়ায় ৩ জন, মেরিল্যান্ডে ২ জন ও ম্যাসাচুয়েটস ২ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার রাতে মারা গেছেন নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে বসবাসকারী শেয়ার ব্যবসায়ী শেখ আব্দুর রাজ্জাক।
নিউ ইয়র্ক আপ স্টেটের বাফেলো শহরে মারা গেছেন ২২ বছরের তরুণ শাহরিয়ার রহমান নাবিল।
ওদিকে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার বাসিন্দা এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর বুধবার তার বাসায় ফেরার কথা ছিল। সেদিনই গভীর রাতে হাসপাতালে মারা যান তিনি।
এই নারীর মৃত্যুর ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে।
কেবল এ ঘটনাই নয়। খবর নিয়ে জানা গেছে বেশ কজন নারীপুরুষ করোনার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও এতে আক্রান্ত হয়েছেন। এসব ঘটনা কমিউনিটিতে রীতিমত ভীতির সঞ্চার করেছে। ⛘



