
প্রকাশ হলো সুবীর নন্দীর অপ্রকাশিত গান
বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী মৃত্যুর আগে তিনি একটি পূর্ণাঙ্গ অ্যালবামে কন্ঠ দিয়েছিলেন।
তানভীর তারেকের সুর-সংগীতে সেই অ্যালবামে সুবীর নন্দী মোট নয়টি গান গেয়েছেন।
সেই অপ্রকাশিত গান থেকে প্রথম গানটি প্রকাশ পেয়েছে আসন্ন ঈদ উপলক্ষে।
গানের শিরোনাম ‘দূরের মানুষ।’ স্যাড-রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন কবির বকুল।
সুর ও সংগীতায়োজনে তানভীর তারেক।
গানের কথাগুলো হলো, ‘ওপার থেকে ঐ/ সাগরের রূপ সেতো চেনা দায়/ দূর থেকে দেখে দেখে/ চিনতে পারিনি তোমায়।’
তানভীর তারেক জানান, ‘সুবীর দা’কে নিয়ে আমার অনেক স্মৃতি। বেশিরভাগ মধুর স্মৃতি এই অ্যালবামটি করার সময়। গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে।’
তিনি বলেন, ‘সুবীর দা’র সামনেই ‘দূরের মানুষ’ গানটির সুর করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘এক বসায় সুর করা। সবার সামনে আমার কম্পোজিশনের ভীষণ প্রশংসা করতেন তিনি।’
গানটি ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ⛘



