মারা গেছেন সোনালি যুগের বলিউড অভিনয় শিল্পী কুমকুম
হিন্দি ছবির স্বর্ণযুগের অভিনেত্রী কুমকুম মারা গেছেন। মঙ্গলবার বান্দ্রায় নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর।
ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কুমকুম।
টুইটারে বর্ষীয়ান এ অভিনেত্রীর মৃত্যুর খবর প্রথম জানান অভিনেতা নাভেদ জাফরি। এরপর বলিউডের অনেকেই শোক প্রকাশ করেন।
কুমকুমের পারিবারিক নাম জেবুন্নেসা। বিহারের হুসাইনাবাদে তিনি ১৯৩৪ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন হুসাইনাবাদের নবাব।
গুরু দত্ত ‘আর পার’ ছবিতে ‘কাভি আর কাভি পার’ গানটির দৃশ্যে প্রথম সুযোগ দেন কুমকুমকে। পরিচালকের ‘সিআইডি’ ছবির ‘ইয়ে হ্যায় বম্বে মেরি জান’ গানে জনি ওয়াকারের পাশে ছিলেন কুমকুম। নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ‘কোহিনুর’ ছবির ‘মধুবন মে রাধিকা নাচে রে’ গানে।
পরবর্তীকালে কিশোর কুমারের বিপরীতেও বেশ কিছু ছবি করেছেন। ‘মিস্টার এক্স ইন বম্বে’ ছবির জনপ্রিয় গান ‘মেরে মেহবুব কেয়ামত হোগি’-এর দৃশ্যায়নেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
মূলত নৃত্যশিল্পী থেকে ধীরে ধীরে নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন কুমকুম। সন অব ইন্ডিয়া, উজালা, এক সাপেরা এক লুটেরা, আঁখে, গীত, ললকার, প্যায়াসা, মাদার ইন্ডিয়া, নয়া দৌড়-সহ ১১৫টিরও মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সাজ্জাদ আকবর খানকে বিয়ের পর ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন কুমকুম। ১৯৭৩ সালের পর তাকে আর পর্দায় দেখা যায় নি।❑
We have lost another gem. I have known her since I was a kid and she was family, a superb artist and a fantastic human being, innalillahe wa innailaihe raajeoon. Rest in peace kunkum aunty 🙏 #ripkumkum #kumkum pic.twitter.com/CT60alQbOC
— Naved Jafri (@NavedJafri_BOO) July 28, 2020



