আন্তর্জাতিকবাংলাদেশ

দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি রেলকোচ কিনবে বাংলাদেশ

প্রায় ৬৫৮ কোটি টাকায় দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে ১৫০টি মিটারগেজ রেলকোচ (বগি)। আগামী দেড় থেকে আড়াই বছরের মধ্যে বগিগুলো দেশে আসবে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর রেলভবনে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে রেলপথ সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দক্ষিণ কোরিয়া থেকে ২০টি ডিজেলচালিত লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী বগি ক্রয় প্রকল্পের অংশ হিসেবে বগিগুলো আসবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের উপস্থিতিতে চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন প্রকল্প পরিচালক হাসান মনসুর এবং যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার সুংশিন আরএসটি-পসকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার জং বাম। চুক্তি মূল্য বাংলাদেশি টাকায় ৬৫৮ কোটি ৮১ লাখ টাকা। প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

রেলমন্ত্রী বলেন, বগি রেলবহরে যুক্ত হওয়ার পর যাত্রীসেবা বাড়বে। চুক্তি অনুযায়ী মান ঠিক রেখে নির্ধারিত সময়ে বগি সরবরাহ করতে অনুরোধ জানান তিনি।

মন্ত্রী জানান, এ বগিগুলো হবে স্টেইনলেস স্টিলের তৈরি। বায়ো-টয়লেট যুক্ত থাকবে। স্বয়ংক্রিয় এয়ারব্রেক ব্যবস্থা থাকবে। ১৫০টি বগির মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং বার্থ ৩০টি, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ ৩৮টি, শোভন চেয়ার মোট ৪৪টি, খাবার গাড়িসহ শোভন চেয়ার কোচ ১৬টি, পাওয়ার কারসহ শোভন চেয়ারকোচ ১২টি, রাষ্ট্রীয় পরিদর্শনের জন্য বুলেটপ্রুফ বগি একটি, খাবার গাড়ি ১টি, পাওয়ার কার ১টি এবং পরিদর্শন কার ১টি। ❑

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension