
বৈরুতের বিস্ফোরণ, বলিউডে শোক
লেবাননের রাজধানী বৈরুত মঙ্গলবার বিকট বিস্ফোরণে কেঁপে উঠে মঙ্গলবার। এ ঘটনায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ পর্যন্ত, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।
ভয়াবহ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকা। টুইটারে শেয়ার করেছেন বার্তা।
প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, এটা ভীতিকর। একদম ধ্বংসাত্মক। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার ভালোবাসা ও প্রার্থনা।
স্বরা ভাস্করের মতে, এ ধরনের ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা কল্পনাও করা যায় না।
দুঃখ প্রকাশ করেছেন ফারহান আখতার, ভূমি পেডনেকর, রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর, লিসা রে, নেহা ধুপিয়া, গায়ক হানি সিং, সেলিনা জেটলিসহ অনেকে। তারা সবাই ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছেন বলে জানান।
টুইট বার্তায় বলিউডের নবাগত অভিনয় শিল্পী রাকুল প্রিত সিং লেখেন, এটা হৃদয়বিদারক! কেন? ২০২০ সালে যথেষ্ট হয়েছে।
মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবাননের শহরটি কেঁপে উঠে। বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
শহরের প্রাণকেন্দ্র থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ১৫০ মাইল দূরের এলাকাতেও কম্পন অনুভূত হয়।
লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার তিনদিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। পাশাপাশি দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন।
বৈরুতের বন্দরের একটি রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে লেবানন কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী হাসান দিয়াব প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে মন্তব্য করেন, গুদামটিতে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল এবং তাই বিস্ফোরিত হয়েছিল মঙ্গলবার।❑



