বাংলাদেশ

পুলিশ আশ্বস্ত করেছে এটাই শেষ ঘটনা: আইএসপিআর

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের শামলাপুর পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনায় পুলিশও অত্যন্ত মর্মাহত। পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এটাই শেষ ঘটনা। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। কক্সবাজার এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও এলাকার মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনতে সেখানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল পরিচালনা করা হবে।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ অত্যন্ত মর্মাহত।

পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, এটাই শেষ ঘটনা। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) দেওয়া ‘কক্সবাজারে সেনাবাহিনী প্রধান ও পুলিশ মহাপরিদর্শক কর্তৃক স্ব স্ব বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও এলাকার মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল পরিচালনা করা হবে। এ ব্যাপারে সেনাপ্রধান ও পুলিশের আইজি উভয়ে রাজি হয়ে নিজ নিজ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চপর্যায়ের যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৪ আগস্ট তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সেনাবাহিনীর প্রধান ও পুলিশের আইজি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিজ নিজ বাহিনীর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেনাবাহিনী প্রধান ও পুলিশের আইজি উভয়েই একে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত করেন।

ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ভার বাহিনী নেবে না বলে উল্লেখ করেন তারা। ঘটনায় দুই বাহিনীর দীর্ঘদিনের পারস্পরিক সুসম্পর্কে চিড় ধরবে না। সুষ্ঠু তদন্ত ও সুবিচারের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু তদন্তকাজে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না।

সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত পরিচালিত হবে মর্মে নিজ নিজ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দুই বাহিনীর মধ্যে বিদ্যমান আস্থা আরও গভীর ও সুদৃঢ় করবে বলে উভয়েই আশাবাদ ব্যক্ত করেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension