
ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ও উপ-মহাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি। এক শোকবার্তায় বিএনপির পক্ষ থেকে বলা হয়- প্রায় এক পক্ষকাল করোনাসহ অন্যান্য জটিল রোগে মৃত্যুর সঙ্গে লড়াই করে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পরলোকগমণ করেছেন। পৃথিবী থেকে তার এই বিদায় গভীর দুঃখ ও বেদনার। তার মৃত্যুতে ভারতবাসীর ন্যায় বাংলাদেশের জনগণ ও বিএনপি সমানভাবে সমব্যাথী।
সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোক বার্তায় একথা জানানো হয়।
শোক বার্তায় আরও বলা হয়, প্রয়াত প্রণব মুখার্জী বাংলাদেশকে প্রীতি ও শুভেচ্ছার দৃষ্টিতে দেখতেন। তিনি ছিলেন উপ-মহাদেশের একজন বর্ষীয়ান, অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। নিরন্তর প্রচেষ্টা, কর্মময়তা ও সাফল্যের সমাহারে গড়ে উঠেছিল তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। বিএনপি লোকান্তরিত প্রণব মূখার্জির আত্মার শান্তি কামনা করছে এবং তার পরিবার-পরিজন, গুণগ্রাহী ও ভারতবাসীর প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা।❐



