
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে নিহতদের পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ।
গেল ২১ সেপ্টেম্বর সোমবার সকালে নারায়নগঞ্জ তল্লা বড় জামে মসজিদ মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাদাকাহ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি মাওলানা সাদিকুর রহমান আযহারী।
গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি আরও জানানো হয়, সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে জানাযা, দাফনসহ প্রাথমিক সহযোগিতায় তাৎক্ষনিক কাজ শুরু করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর সোমবার সকালে ১৫টি পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে ছিল এক বস্তা চাল, এক বস্তা আলু, ডাল, তেল, নুডুলস্, বিস্কুট ও মুড়ির প্যাকেট।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বাংলাদেশের নারায়নগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময়ে বিস্ফোরণে প্রায় ৪০ জন মুসল্লী দগ্ধ হন, এর মধ্যে ৩৪ জন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যার মধ্যে মসজিদের ইমাম আবদুল মালেকসহ (৬০) ও মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও মারা যান।❐



