
ভারত ওআইসির প্রস্তাবে কাশ্মির নিয়ে ক্ষুব্ধ ও বিব্রত
জম্মু-কাশ্মির নিয়ে মুসলিম দেশগুলোর যৌথ প্রস্তাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারত।
রোববার ওআইসির প্রস্তাবের কড়া সমালোচনা করে দেশটি বছে, জম্মু-কাশ্মির নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোনও অধিকার অন্য কোনও দেশের নেই।
চলতি সপ্তাহে নাইজারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি প্রস্তাবনা গৃহীত হয়। কাশ্মির নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরাসরি এটিই প্রথম প্রস্তাব।
গত ২৭ থেকে ২৯ নভেম্বর নাইজারে ৪৭তম ওআইসি সম্মেলনে মিলিত হয়েছিলেন গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
করোনা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এবারের বৈঠকে জম্মু-কাশ্মিরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, নাইজারের সম্মেলনে কাশ্মির প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ভারতের বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আমরা সব সময় বলেছি ভারতের যে কোনও অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলার কোনও এখতিয়ার ওআইসির নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ওআইসির প্রস্তাবে ভারতকে নিয়ে যেসব কথা বলা হয়েছে তা তথ্যগত-ভাবে ভুল এবং অনভিপ্রেত, ফলে এ সব বক্তব্য ভারত পুরোপুরি প্রত্যাখ্যান করছে।❐



