প্রবাস

ইতালির বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মুজিব জন্মশতবর্ষে মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। কোভিড-১৯ সংকটময় পরিস্থিতির প্রেক্ষিতে ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকালে দূতাবাসে অনুষ্ঠানটি ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতির পিতাসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আয়োজন করা হয় দূতাবাসের সম্মেলন কক্ষে। শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা সম্প্রচার করা হয়। আলোচনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ কমিউনিটি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কমিউনিটির বক্তারা বঙ্গবন্ধু এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় পুনঃব্যক্ত করেন।

শামীম আহসান তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহিদ, নির্যাতিতা নারী এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।বিজয় দিবসের প্রেক্ষাপট ঐতিহাসিক তথ্যসহ তুলে ধরার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার কথাও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় বৈশ্বিক স্বীকৃতির কথা তুলে ধরেন। বর্তমান সরকারকে তিনি প্রবাসীবান্ধব সরকার হিসেবে অভিহিত করে প্রবাসীদের সেবার মান আরো বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শেষভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, মুক্তিযুদ্ধের শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশের উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী নাগরিকবৃন্দ, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension