আন্তর্জাতিক

ইউরোপ জুড়ে বড়দিন-নববর্ষে লকডাউন

বড়দিনের ছুটি শুরুর আগেই নতুন করে ইউরোপের প্রায় সব দেশেই বেড়েছে কোভিড-১৯ এর সংক্রমণ আর মৃত্যুহার। তাই জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, অস্ট্রিয়া আর সুইডেনের পর এবার ইটালিও লকডাউনের পরিকল্পনা হাতে নিয়েছে। যদিও এবারের লকডাউনের কৌশল কিছুটা ভিন্ন।

অনেক দেশেই এই লকডাউন সীমিত থাকবে অতিরিক্ত সংক্রমণের অঞ্চলগুলোতে। আবার বিভিন্ন রাজ্যে সপ্তাহ জুড়ে লকডাউনের জন্য সময়সীমা নির্ধারিত হয়েছে। সংক্রমণের হার বিবেচনা করে নির্দিষ্ট সময় পরপর জারি হবে এই অঞ্চলভিত্তিক লকডাউন। একইসঙ্গে সামাজিক দূরত্ব আর মাস্ক পড়ার জন্যে এবার আরও কঠোর হয়েছে বিধিনিষেধ।

ইউরোপের দেশগুলোর মধ্যে শনিবার সর্বশেষ লকডাউনের সিদ্ধান্ত জানায় ইটালি। তবে এখনই লকডাউন ঘোষণা করতে রাজি নয় বেলজিয়াম, লুক্সেমবার্গ, স্পেন আর পর্তুগাল। আক্রান্তদের দ্রুত সনাক্ত করা এবং গণসচেতনতা সৃষ্টি করে রোগীদের ‘সেলফ আইসোলেসন’ তথা সুস্থদের থেকে দূরে রাখতেই জোর চেষ্টা চালাচ্ছে এসব দেশের স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে করোনাকালে ইতালিতে পুরো ডিসেম্বরজুড়েই বড়দিন আর নববর্ষ উদযাপনে বিধিনিষেধ জারি হয়েছে। সরকারি ছুটির দিনগুলোতে ঔষধের মতো জরুরি প্রয়োজনীয় দ্রব্যব্যতীত সকল পণ্যের দোকানপাট, মার্কেট ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া খুলবে না অফিস আদালত ও স্কুলগুলো।

২৪ থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি আর ৫-৬ জানুয়ারির মধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে জরিমানাও হতে পারে। সর্বোচ্চ করোনা সংক্রমণের আশঙ্কায় এই সময়সীমাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে ইটালি। এসময় উৎসব উদযাপনের জন্যে বাসায় ২ জনের বেশী অতিথিও দাওয়াত করা যাবে না। অনেক এলাকাতে রাত ১০টা থেকে ভোর ৫টা অব্দি জারি থাকবে কারফিউ। একই ধরণের নিষেধাজ্ঞা জারি হচ্ছে নেদারল্যান্ড, জার্মানি আর যুক্তরাজ্যেও।

ইউরোপে করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশী ইটালিতে। দেশটিতে এ পর্যন্ত ৬৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ২০ লক্ষ মানুষ করোনা আক্রান্ত। নানা বিধিনিষেধ আরোপেও কমছে না সংক্রমণ আর মৃত্যুহার।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension