ভারত

ভারতে কৃষক আন্দোলন: ‘নরম সুর’ মোদি সরকারের

নয়া কৃষি আইন নিয়ে চলমান কৃষক আন্দোলনে নতুন মোড় নিয়েছে। সরকারের পদক্ষেপকে ‘নরম সুর’ হিসেবে বর্ণনা করছে ভারতের সংবাদমাধ্যম। তবে এও বলা হচ্ছে, মূল দাবী কৃষি আইন প্রত্যাহার নিয়ে কোনও প্রতিশ্রুতি মেলে নি।

এত দিন বৈঠকের সময় গুরুদ্বারার লঙ্গর থেকেই কৃষকদের জন্য চা-ডাল-রুটি পাঠানো হচ্ছিল বিজ্ঞান ভবনে। বুধবার কৃষক নেতাদের সঙ্গে সরকারের বৈঠকের সময় নরেন্দ্র সিং তোমার, পীযূষ গয়ালের মতো মন্ত্রীরা সেই লঙ্গরের খাবারই প্লেটে তুলেন। দ্বিতীয়বার চা-পানের বিরতিতে কৃষক নেতারাও নরম হন। তারা সরকারি চায়ের কাপ হাতে নেন।

আন্দোলনের চাপের মুখে কৃষকদের চারটি দাবীর মধ্যে কেন্দ্র দুটি দাবি মেনে নেয়। তবে কৃষকদের মূল দাবি— তিন কৃষি আইনের প্রত্যাহার ও ফসলের দাম বা এমএসপি-র আইনি গ্যারান্টি নিয়ে বুধবারের বৈঠকেও সমাধানসূত্র মেলে নি। কৃষক নেতারা আইন প্রত্যাহারের দাবীতে অনড় থাকাতে কেন্দ্রীয় মন্ত্রীরা তাদের কাছেই এই জট কাটানোর সূত্র জানতে চায়।

বৈঠকে মন্ত্রীরা কৃষক নেতাদের অনুরোধ করেন, আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও বিকল্প থাকলে তা জানান। আইনে আরও সংশোধন দরকার হলে, তা-ও জানান। ৪ জানুয়ারি ফের বৈঠক হবে বলে ঠিক হয়েছে।

বুধবার কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঁচ ঘণ্টার বৈঠকে দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে। এক, দিল্লির দূষণ কমাতে রাজধানী ও সংলগ্ন রাজ্যে খড় পোড়ানোর দায়ে ৫ বছর পর্যন্ত জেল ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা করে যে অধ্যাদেশ জারি হয়েছিল, কৃষকদের তার আওতার বাইরে রাখা হবে। দুই, বিদ্যুৎ আইনে প্রস্তাবিত সংশোধনী বিলে কৃষকদের দাবী ছিল, আগে সেচের জন্য যেভাবে বিদ্যুতে ভর্তুকি মিলত, সেভাবেই ভর্তুকি বজায় রাখতে হবে। সরকার সেই দাবীও মেনে নেয়। আদতে সরকারের প্রস্তাব ছিল, বিদ্যুৎ বণ্টন সংস্থা পুরো মাশুলই নেবে। রাজ্য চাইলে কৃষকদের অ্যাকাউন্টে ভর্তুকি দিতে পারে।

মোদি সরকার আগেই তিন কৃষি আইনে একগুচ্ছ সংশোধন করতে রাজি হয়েছিল। এ দিনের বৈঠকে মন্ত্রীরা জানান, সরকার আইনে আরও সংশোধন করতে রাজি। এমএসপি-তে ফসল কেনার ব্যবস্থা কীভাবে আরও ভালো করা যায়, তাও সরকার দেখবে। তবে কৃষি সংস্কারের আইন প্রত্যাহার নিয়ে মন্ত্রীরা জানায়, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয় নি।

তবে চারটি দাবীর মধ্যে অন্তত দুটি বিষয়ে সরকার রাজি হওয়ায়, ৩১ ডিসেম্বর দিল্লির সীমানায় রিং রোডে যে ট্রাক্টর মিছিলের ডাক দেওয়া হয়েছিল, তা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আন্দোলন যেমন চলছিল, তেমনই চলবে।

বৈঠকের পরে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার অনুরোধ করেন, শৈত্যপ্রবাহের কথা মাথায় রেখে বয়স্ক ও নারীদের যেন আন্দোলন থেকে সরিয়ে নেওয়া হয়। কৃষক নেতারা রাজি হন নি। গত এক মাসের আন্দোলনে ৪০ জনের বেশী কৃষকের মৃত্যু হয়েছে। কেন্দ্রের কাছে তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবী করেছেন কৃষক নেতারা।

বৈঠকের পরে কৃষক সভার নেতা হান্নান মোল্লা বলেন, ‘মন্ত্রীরা আজ প্রথম থেকেই নরম সুর নিয়েছিলেন। তারা বলেছেন, আপনাদের কথা মানতে আমরা রাজি। কিন্তু আমাদের সমস্যাটাও আপনারা বুঝুন।’

কৃষক নেতাদের মতে, সরকারের ‘সমস্যা’ হলো প্রধানমন্ত্রী এতবার তিন কৃষি আইনের পক্ষে কথা বলেছেন যে, তা প্রত্যাহার করলে তার মুখ পুড়বে। সরকার ফের তিন কৃষি আইন খতিয়ে দেখতে দু’পক্ষের কমিটি বা আমলা-গোষ্ঠী তৈরির প্রস্তাব দেয়। কিন্তু কৃষক নেতারা তা খারিজ করে দেন। তবে এমএসপি-র বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি বলে কৃষিমন্ত্রী ফের কৃষকদের জানান।

কিন্তু কৃষক নেতারা জানিয়ে দেন, মাত্র ছয় শতাংশ কৃষক এমএসপি-তে ফসল বেচতে পারেন। মোদি সরকার যতই স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে চাষের খরচের দেড় গুণ ফসলের দাম দেওয়া হচ্ছে বলে দাবি করুক, আসলে সরকার স্বামীনাথনের কথা মতো সব খরচ হিসেব করছে না। হান্নান বলেন, ‘আমরা মন্ত্রীদের প্রশ্ন করেছি, আপনারা কি এমএসপি-র আইনি গ্যারান্টির বিষয়ে নীতিগতভাবে রাজি? মন্ত্রীরা জানিয়েছেন, এমন কথা তারা বলতে পারছেন না। তবে কৃষকদের প্রস্তাব মেনে এমএসপি ব্যবস্থা আরও লোল করা যায়।’

আন্দোলনরত কৃষকেরা যেভাবে সংযম বজায় রেখেছেন, কৃষিমন্ত্রী তার প্রশংসা করেছেন। উল্টো দিকে আন্দোলনের দিকে বিজেপির নেতা-মন্ত্রীরা যে-ভাবে কাদা ছুড়ছেন, তার কড়া নিন্দা করেছেন কৃষক নেতারা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension