
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি ব্লিংকেনের নিয়োগে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
জো বাইডেনের দীর্ঘ সময়ের এই উপদেষ্টার নিয়োগ সিনেটে ৭৮-২২ ভোটে নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্র প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টের পর তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেট পররাষ্ট্র বিষয়ক কমিটিতে অনুমোদন পাওয়ার পর আজ দুপুরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন ক্যাপিটাল হিলে জাহিদ এফ সরদার সাদী নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অভিনন্দন ও শুভেচ্ছা বিনিমেয়ের পাশাপাশি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন চীফকে সাদী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত অবহিত করেন।
জাহিদ এফ সরদার সাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বাংলাদেশের অচলাবস্থা নিরসনে এবং ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি উত্তরণে তার অতীতের অব্যাহত প্রচেষ্টার কথা স্মরণ করে তাকে বাংলাদেশের জনগণের অকৃত্রিম বন্ধু বলে অবহিত করে বলেন, বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের অভাবে আজ শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি বিশ্ব গণতন্ত্রের সূতিকাগার মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টায়। জনগণের পছন্দসই দলের ক্ষমতায়ন যে কোনও দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার নতুন বাইডেন প্রশাসন বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি আশু উন্নয়নে বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘকে সাথে নিয়ে সমন্বিত প্রয়াস চালাবে বলে আশা প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎ আর শুভেচ্ছা বিনিমেয়ের সময় জাহিদ এফ সরদার সাদী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।❐



