
বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ মমতার
মঙ্গলবার (১৬ মার্চ) পশ্চিমবঙ্গের বাঙ্কুরাতে নির্বাচনী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা আমিত শাহর কড়া সমালোচনা করেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে মনোনয়নপত্র দেওয়ার সময় আহত হওয়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এদিন হুইল চেয়ারে করেই বিধান সভা নির্বাচনের প্রচারে নামেন মমতা। ভাষণে তিনি বলেন, নির্বাচন কমিশন হত্যার ষড়যন্ত্র করেই তার সিকিউরিটি ইন চার্জকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়। একারণেই মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার ওপর হামলা হয়। এসময় বিজেপির অমিত শাহও এই ষড়যন্ত্রে অংশ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
বাঙ্কুরাতে নির্বাচনী প্রচারে বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি অমিত শাহর সমালোচনায় মুখর ছিলেন তিনি। একইসঙ্গে নির্বাচন কমিশন স্বাধীনতা হারিয়েছে বলেও ক্ষোভ ঝাড়েন নেত্রী।
ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে সোমবার বিজেপির নির্বাচনী প্রচারে যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহর। তবে শেষ সময়ে এসে বাতিল করা হয় এই আয়োজন। দলীয় বিবৃতিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে শেষ সময়ে এই সভা বাতিল করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, লোক সমাগম না হওয়ায় কারণেই বিজেপি নেতা অমিত শাহ এই সভা বাতিল করেছেন।❐



