আন্তর্জাতিক

মোজাম্বিকে শিশুর শিরচ্ছেদ করল জঙ্গিরা

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে এক মায়ের সামনে তার ১২ বছরের শিশুকে শিরচ্ছেদ করে হত্যা করেছে জঙ্গিরা। মঙ্গলবার (১৬ মার্চ) স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা সেইভ দ্য চিলড্রেন।

এক সাক্ষাৎকারে দাতা সংস্থাটির কাছে নিহত শিশুটির মা এই অভিযোগ জানান। যদিও নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, কয়েকদিন আগে জঙ্গিরা তাদের এলাকায় আক্রমণ করলে তিনি বাচ্চাদের নিয়ে ঘরে লুকিয়ে ছিলেন। এসময় ঘর থেকে বের হয়ে তারা পেছনের জঙ্গলে পালাতে গেলে, বড় ছেলেটি জঙ্গিদের হাতে ধরা পড়ে। এরপর তাকে শিরচ্ছেদ করা হয়।

তিন সন্তানকে নিয়ে আড়াল থেকে এই দৃশ্য দেখেন অসহায় মা। সম্প্রতি মোজাম্বিকের উত্তরাঞ্চলের কাবো ডেলগাদো প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সেইভ দ্য চিলড্রেন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবিসিকে জানায়, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত দেশটির আড়াই হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর ছেড়ে পালিয়েছেন সাত লাখ মানুষ।

মধ্যপ্রাচ্যের উগ্রবাদী ইসলামিক স্টেট, আইএস জঙ্গিরা এই সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে জানা গেছে। সোমালিয়ার কয়েকটি মুসলিম জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও তাদের যোগাযোগ আছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension