
মদিনায় হোটেলে আগুন, নিহত ১৫
রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবের মদিনা শহরে একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ ওমরা পালনকারী। এতে আরো কমপক্ষে ১৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মদিনা শহরের পূর্বাঞ্চলের একটি হোটেলে শনিবার স্থানীয় সময় বিকালে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ওই হোটেলে বেশ কয়েকটি দেশের ওমরা পালনকারীরা অবস্থান করছিলেন। তবে হোটেলের নাম প্রকাশ করেনি মদিনা শহর কর্তৃপক্ষ।
এছাড়া আগুনে হতাহতদের নাম-ঠিকানাও প্রকাশ করা হয়নি। হোটেলটিতে বিভিন্ন দেশ থেকে ওমরা পালন করতে যাওয়া অন্তত ৭০০ জন অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে।
এদের অধিকাংশই পাকিস্তান, মিসর, ইরাক ও সিরিয়ার নাগরিক। ওমরা শেষে তারা ওই হোটেলে অবস্থান করছিলেন। চলতি বছর বাংলাদেশ থেকেও অনেকেই ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তবে হতাহতদের মধ্যে মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি-না তা এখনো জানা যায়নি।
বিভিন্ন বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আহত ও বেঁচে যাওয়া ওমরা পালনকারীদের শহরের বিভিন্ন হাসপালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর অনেককে অন্যান্য হোটেলে স্থানান্তরিত করা হয়েছে বলেও জানা গেছে।



