
মিলানে বাংলাদেশি হত্যায় বিচার দাবি
রূপসী বাংলা ডেস্ক:ইতালির মিলানে দুস্কৃতিকারীদের হাতে নিহত বাংলাদেশি সামসুল হক স্বপন হত্যা বিচারের দাবিতে রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় মিলানোস্থ পিয়াচ্ছা কায়াচ্ছোতে মানববন্ধন ও শোক সমাবেশের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।
মানববন্ধন পিয়াচ্ছা কায়াচ্ছো থেকে শুরু হয়ে মিলান সেন্ট্রাল রেল স্টেশনের কাছে গিয়ে শেষ হয়। মানববন্ধন শেষে শোক সমাবেশে স্বপনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ স্বপন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় স্থানীয় প্রশাসনকে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান।
সমাবেশে নারী-শিশুসহ এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। মিলান, মোনসা, গালারাতে, ভারেজ, ভেনিসসহ মিলানের পার্শ্ববর্তী শহরগুলো থেকে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারুয়াখালী গ্রামের সামচুল হক স্বপন (২৩) গত ২৭ এপ্রিল গভীর রাতে প্রতিদিনের মতো কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিলানোস্থ পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজন মরক্কোর নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।



