
নিউ ইয়র্কে ‘গন গার্ল’ অভিনেত্রী লিসা ব্যানস দুর্ঘটনায় নিহত
জাহান আরা দোলন: একটি মারাত্মক হিট অ্যান্ড রান দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পরে ‘গন গার্ল’ এবং ‘ককটেল’র অভিনেত্রী লিসা ব্যানস’র মৃত্যুর খবর মঙ্গলবার ভোরে এনবিসি নিউজকে নিশ্চিত করেছেন তার ম্যানেজার।
ম্যানেজার ডেভিড উইলিয়ামস এক বিবৃতিতে বলেছেন, ‘লিসার করুণ মৃত্যুতে আমরা ব্যথিত। সে ছিল উদ্দীপনা, দয়া এবং উদারতায় পরিপূর্ণ কাজের প্রতি নিবেদিত প্রাণ এক নারী, মঞ্চে বা ক্যামেরার সামনে এবং তার সঙ্গী, পরিবার এবং বন্ধুবান্ধবদের কাছে আরও অনেক বেশি কিছু ছিলেন তিনি। আমরা তাকে আমাদের জীবনে পেয়ে ধন্য’।
উইলিয়ামসের ভাষ্য মতে, ৪ জুন পঁয়ষট্টি বছরের ব্যানস নিজ শিক্ষা প্রতিষ্ঠান জুলিয়ার্ড স্কুল ভিজিটে যাওয়ার সময় ম্যানহাটনের পশ্চিমে আমস্টারডাম অ্যাভিনিউ পার হওয়ার সময় স্কুটার অথবা মোটরসাইকেল তাকে আঘাত করে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও গ্রেপ্তার হয়নি।
বহু টেলিভিশন অনুষ্ঠান এবং সিনেমায় ব্যানসকে অভিনয় করতে দেখা যায়। ২০১৪ সালে বেন অ্যাফ্লেক অভিনীত ‘গন গার্ল’ এবং ১৯৮৮ সালে টম ক্রুজের সাথে ‘ককটেল’ এ সাপোর্টিং রোলে তাকে অভিনয় করতে দেখা যায়। টেলিভিশনে তিনি ‘ন্যাশভিল’, ‘ম্যাডাম সেক্রেটারি’, ‘মাস্টার্স অব সেক্স’ এবং ‘এনসিআইএস’ এ অভিনয় করেছেন।



