
খুলনায় সন্ত্রাসের পুনরাবৃত্তি, অভিযোগ বিএনপির
রূপসী বাংলা ডেস্ক:খুলনার সিটি করপোরেশন নির্বাচনে ভোটের শুরুতেই ৪০টি কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার খুলনায় ভোট শুরুর প্রায় তিন ঘণ্টা পর ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমাদের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় মধ্যে পুলিশের সহায়তায় ৪০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অধিকাংশ কেন্দ্রে এজেন্টরা ঢুকতে পারছেন না। অতীতের মত সেই একই রূপ, একই সন্ত্রাসের পুনরাবৃত্তি।
মঙ্গলবার সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশনের ২৮৯টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ৪ লাখ ৯৩ হাজার ভোটার এ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুর বিপরীতে এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।
রিজভী বলেন, ভোট ডাকাতির যে বিষয়টি আমরা অভিযোগ করেছি, ভোট গ্রহণ শুরুর পর থেকে ডাকাতির যে চরিত্র দেখছি- কেড়ে নেয়া, বের করে দেয়া, আটকে রাখা, রক্তাক্ত করা, ব্যালট বাক্স নিয়ে যাওয়া, ভোটারদের ভয়ভীতি দেখানো, মহিলা এজেন্টদের হুমকি দেয়া- এটা তো ডাকাতির নিদর্শন।
আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টদের নৌকা মার্কায় ‘সিল মারতে’ উৎসাহ দিচ্ছেন বলেও অভিযোগ করেন রিজভী।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, ইসি ‘গ্রিক মূর্তির মত’ নির্বাক হয়ে আছে। বিভিন্ন জেলা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে খুলনায় মোতায়েন করা হয়েছে। অথচ তাদের সামনেই আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদের বাধা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ।



