
সালমান খানের বিরুদ্ধে প্রতারণার মামলা
চণ্ডীগড়ের এক ব্যবসায়ী সালমান খানের বিরুদ্ধে ৩ কোটি টাকার প্রতারণার মামলা করেছেন বলে জানা গিয়েছে। চণ্ডীগড় পুলিশের কাছে এই লিখিত অভিযোগ জানানো হয়েছে যার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে সালমান খানকে। শুধুই সালমান নয়, তার বোন অলভিরা অগ্নিহোত্রী ও বিয়িং হিউম্যান-এর সিইও-কেও এই মামলায় সমন জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
সূত্রের খবর, অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই এই সমন পাঠানো হয়েছে। ওই ব্যবসায়ীর অভিযোগ সালমানের সংস্থার বিরুদ্ধে। তিনি ‘বিইং হিউম্যান’ গোষ্ঠীর অধীনস্থ জুয়েলারি ব্র্যান্ডের একটি এক্সক্লুসিভ শোরুম খোলেন। এর জন্য তিন কোটি টাকা ব্যয় করেন ওই ব্যবসায়ী।
ব্যবসায়ী অরুণ পুলিশকে জানিয়েছেন, সালমানের কোম্পানির সঙ্গে লিখিত চুক্তি হয়েছিল। বিয়িং হিউম্যান-এর নিজস্ব শাখা কোম্পানি রয়েছে যারা গয়না বিক্রি করে। যার নাম স্টাইল কুশেন্ট, তাদের সঙ্গেও চুক্তি হয়েছিল কিন্তু কোনো সামগ্রী এখনও পর্যন্ত তিনি পান নি। ২০১৮ সালে চণ্ডীগড়ে এই বিয়িং হিউম্যানের শোরুম ও জুয়েলারি দোকান খুলেছিলেন তিনি। সালমান খান তার ‘বিগ বস’ শোতে জানিয়েছিলেন চণ্ডীগড়ে বিয়িং হিউম্যান-এর গয়নার দোকান খুলছে। সেই ফুটেজ পুলিশকে দিয়েছেন অরুন গুপ্তা।
তিনি পুলিশকে আরো জানিয়েছেন, ২০১৮ সালে সালমান খান নিজে এসে এই শোরুমের উদ্বোধন করার কথা ছিল, সেজন্যেই এই পরিমাণ টাকা লগ্নী করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে চণ্ডীগড় পুলিশের এসপি কেতান বনশল জানিয়েছেন, বিয়িং হিউম্যান কোম্পানির শাখা কোম্পানি যাদের গয়নার ব্যবসা রয়েছে তার সিইও, সালমান খান ও অলভিরা অগ্নিহোত্রীকে সমন পাঠানো হয়েছে। ১৩ জুলাই-এর মধ্যে থানায় এসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে বলে জানানো হয়েছে সমনে। তারা সেটা না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।



