আন্তর্জাতিক

সহসা কমবে না করোনা

বিশ্বের অধিকাংশ অঞ্চলেই করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। অধিকাংশ ক্ষেত্রেই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এই সংক্রমণ বাড়ছে। সম্প্রতি ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, অধিকাংশ অঞ্চলে সংক্রমণ বৃদ্ধি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে মহামারী কমার কোনো লক্ষণ নেই। উল্টো গত বছরের তুলনায় সংক্রমণের হার এখন কমপক্ষে ৩ শতাংশ বেশি।

কিছু দেশে টিকা কার্যক্রম জোরেশোরে চালানোর কারণে করোনার মারাত্মক সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি হওয়ার হার কমছে। কিন্তু এই কমার সংখ্যা বৈশ্বিক বিচারে খুবই সামান্য। করোনার সংক্রমণে অক্সিজেন স্বল্পতার সমস্যা হয় রোগীদের। আর বিশ্বের একটা বড় অংশেই এখন তীব্র অক্সিজেন সংকট চলছে।

এ ছাড়া উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর স্বাস্থ্য খাত এতটাই ভঙ্গুর যে, পর্যাপ্ত শয্যার অভাবে আক্রান্তদের হাসপাতালেও ভর্তি করা যাচ্ছে না। ওই অঞ্চলগুলোতে মৃত্যুহারও অনেক বলে জানান সৌম্য স্বামীনাথন। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ নতুন সংক্রমিতের খবর পাওয়া গেছে। একই সময়ে ৯ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান বলছে, মহামারী শ্লথ হওয়ার কোনো কারণ নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই সংক্রমণ বাড়ছে। গত দুই সপ্তাহে আফ্রিকাতে মৃত্যুহার ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। এই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট। অন্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ডেল্টা অনেক বেশি সংক্রামক এবং খুব দ্রুত ছড়ায়। বৈশ্বিক পর্যায়ে টিকা কার্যক্রমের গতি কম হওয়ায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একদিকে যেমন টিকার সংকট রয়েছে, অন্যদিকে মহামারীর দীর্ঘসূত্রতার কারণে মানুষের মধ্যে বাধ্যতামূলক মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও বিরক্তি কাজ করছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিশ্বের সরকারগুলোকে পুরো পরিস্থিতি বিবেচনা না করে এখনই করোনা বিধিনিষেধ তুলে দেওয়ার ব্যাপারে সতর্ক হতে বলা হয়েছে। কারণ, ইতিমধ্যেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক ঘোষণায় জানিয়েছেন যে, আগামী ১৯ জুলাই থেকে তার দেশে আর কোনো করোনার বিধিনিষেধ থাকছে না। এমনকি মাস্কও পরতে হবে না। কেউ যদি মাস্ক পরেন, তবে তা হবে ব্যক্তিগত বিষয়। ইউরোপ ও যুক্তরাষ্ট্রও মুখিয়ে আছে বিধিনিষেধ তুলে দেওয়ার জন্য। যদিও যুক্তরাষ্ট্রে আবারও সংক্রমণ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রকল্পের প্রধান মাইক রায়ান গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘এখন আমরা নিরাপদ আছি, বিধিনিষেধ তুলে সবকিছু স্বাভাবিক করে নেওয়া হবে, এমন ভাবনা বিপজ্জনক। বিশ্বের কোথাও এখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি, যাতে বিধিনিষেধ তুলে নেওয়া যায়।’

বিজ্ঞানীরা টিকার সরবরাহ বৃদ্ধি নিয়ে একাধিকবার বলার পরেও ধনী দেশগুলোর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। রাজনৈতিকভাবে মিত্রতা চিন্তা করে ধনী দেশগুলো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে টিকা পাঠাচ্ছে। সম্প্রতি মিয়ানমার এক ঘোষণায় জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়া তাদের ২০ লাখ ডোজ স্পুৎনিক-ভি টিকা পাঠাচ্ছে। আবার চীন তাদের সিনোভ্যাক টিকা নিজেদের রোড অ্যান্ড বেল্ট প্রকল্পের অংশীদারদের অল্প করে পাঠাচ্ছে। ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস বারবার বলে আসছেন, পৃথিবীর সব দেশে টিকা কার্যক্রম সফল না হলে করোনা মহামারী থেকে এত সহজে বাঁচা যাবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension