আন্তর্জাতিক

ইরাকে কোভিড ওয়ার্ডে আগুন, কমপক্ষে ৫৪ জন

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় আল হুসেইন হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিনের শেষে এ ঘটনায় পুরো ওয়ার্ড যেন অগ্নিকুণ্ডের রূপ ধারণ করে। হাসপাতালের ভিতর থেকে যেমন আর্ত চিৎকার ভেসে আসছিল, তেমনি বাইরে থেকে ভয়ার্ত মানুষ, আত্মীয়-স্বজন চিৎকার করছিলেন। সব মিলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ নিয়ে তিন মাসের মধ্যে ইরাকের কোভিড ইউনিটে দ্বিতীয় অগ্নিকাণ্ড হলো। সিভিল ডিফেন্সের টিম অনেক চেষ্টা চালিয়ে সোমবারের আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

দেশটির স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত এমন একটি মেডিকেল সূত্র বলেছেন, একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে মূলত এই অগ্নিকাণ্ড।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি মঙ্গলবার সকালে বলেছেন, এরই মধ্যে ৫৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ২২ জন। অগ্নিকাণ্ড কোভিড আইসোলেশন ওয়ার্ডকে গ্রাস করেছিল। যারা মারা গিয়েছেন তারা পুড়ে মরেছেন। এখনও উদ্ধার অভিযান অব্যাহত আছে। এখনও ওই ওয়ার্ডে বা ইউনিটে মানুষ আটকা পড়ে থাকতে পারেন। এই ওয়ার্ডে বেড আছে ৭০টি।

স্বাস্থ্য বিষয়ক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এখনও অনেক রোগী নিখোঁজ আছেন। তাদের কি হয়েছে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা বাড়তে পারে। মৃতদের মধ্যে দু’জন স্বাস্থ্যকর্মী আছেন। নাসিরিয়ার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা বলছেন, হাসপাতালে উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিন্তু পুরো ওয়ার্ডে এখনও ঘন কালো ধোয়ায় ছেয়ে আছে। এ জন্য পুড়ে যাওয়া ওয়ার্ডে তল্লাশি অভিযান চালানোর জন্য প্রবেশ করা যাচ্ছে না। অনলাইনে শেয়ার করা ফুটেজ থেকে দেখা যাচ্ছে, হাসপাতাল ভবন থেকে ঘন কালো ধোয়ার মেঘ উঠে যাচ্ছে আকাশে।

বাগদাদ থেকে আল জাজিরার সাংবাদিক মাহমুদ আবদেল ওয়াহেদ বলেছেন, পরিবারের সদস্যরা এবং স্থানীয় অধিবাসীরা বিদ্যুতবেগে ছুটে গেছেন ঘটনাস্থলে। বহু মানুষ নাসিরিয়ার রাস্তায় এবং হাসপাতালে অবস্থান নেন। তিনি আরও বলেছেন, এরই মধ্যে পদত্যাগ করেছেন ওই হাসপাতালের ম্যানেজার। ক্ষুব্ধ আত্মীয়স্বজনরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। মৃতদের লাশ চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। তার মাঝে এক তরুণকে তার আত্মীয়ের খোঁজ করতে দেখা যায়। এ সময় তিনি বলেন, এই আগুন এবং এতগুলো নিষ্পাপ রোগীর মৃত্যুর জন্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার হতেই হবে।

নাসিরিয়া শহরটি ধি-কার এলাকায় অবস্থিত। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। তিনি এক টুইটে বলেছেন, পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য তার অফিস জরুরি বৈঠক আহ্বান করেছে। উল্লেখ্য, সোমবার এই অগ্নিকাণ্ডের আগে বাগদাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে আগুন লাগে। তবে তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কেউ হতাহত হননি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension