
রূপসী বাংলা রিপোর্ট: ‘সাউন্ড পলিউশনও মাঝেমাঝে কি ভীষণ মধুর লাগে! এই যে স্কুলবাসগুলোর প্যাঁ পোঁ, বাচ্চাদের হৈ-হুল্লোড়, উচ্ছ্বাস, এমটি পার্কে মাইকে শব্দ করে গাড়ির নাম্বার বলতে থাকা… আবারো মুখরিত প্রিয় ক্যাম্পাস…’ ৫৪৪ দিন পর স্কুল খোলার আনন্দ এভাবেই প্রকাশ করছিলেন বগুড়া ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষক সুলতানা পারভীন শিমুল।
‘আজ বুঝেছেন, শহরটাকে গতিশীল লাগল। ছাত্রছাত্রীরা সব বাইরে। কী দারুণ ব্যাপার!’ দারুণ উচ্ছ্বাসে বলছিলেন শরিয়তপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শামীমা সুলতানা। শিক্ষার্থীদের চেয়ে তাঁরা যেন বেশি খুশি। শিক্ষকরা হাসিমুখে বরণ করে নেন শিক্ষার্থীদের।
জিহান পড়ে ক্লাস ওয়ানে পড়ে। সপ্তাহ দুই আগে স্কুলের মাঠে খেলতে গিয়ে গাছ থেকে পড়ে তার বাম হাত ভেঙে যায়। দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলার আনন্দে ভাঙা হাত নিয়ে স্কুলে চলে এসেছে জিহান। তাকে স্কুলে দেখে অবাক শিক্ষক আর শিক্ষার্থীরা।

দীর্ঘ অপেক্ষার অবসান। শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা। দেড় বছর পর শিক্ষালয়ে ফেরার দিনটি অনেকটা ঈদের আনন্দের মতো উদ্যাপন করেছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন রাজধানীসহ সারা দেশে দেখা গেছে ভিন্ন এক চিত্র। নানা আয়োজনে বরণ করা হয়েছে শিক্ষার্থীদের। সরকারি নির্দেশনা মেনে খুলেছে প্রতিষ্ঠানগুলো।
এক হাতে স্যানিটাইজার, আরেক হাতে লাল গোলাপ। সহপাঠীর হাতেও তা-ই। চেনা মুখ শুধু মাস্কে ঢাকা। স্কুল-কলেজ খুলে দেওয়ার প্রথম দিন রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে এমন দৃশ্য ছিল অবিরল। কোনো স্কুলে ফুল দিয়ে, কেউ বা বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে স্কুলের ফটক ও প্রাঙ্গণ। কোনো কোনো স্কুল তাদের ক্লাসরুমও সাজিয়েছে। ছোটদের স্কুলের দেয়ালে পড়েছে তুলির নতুন আঁচড়।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সামিয়া রোববার সকাল ৮টায় স্কুলে আসেন। স্কুলের বাইরে ফুটপাতে বসে অপেক্ষা করছিলেন মা। রোদে পুড়ছে চেহারা। আজ তাদের পরিবারে যেন ঈদের আনন্দ। ৫৪৪ দিন পর মেয়ে স্কুলে এল। আনন্দে চোখে জল আসে মায়ের। এখন পুরোদমে লেখাপড়া হবে। স্কুলশিক্ষক ছাড়া কি কখনো লেখাপড়া হয়?
সকাল ৯টায় স্কুলে প্রবেশ করতেই চোখে পড়ে নানান রঙের বেলুন, গাছ-দেয়াল আর ক্লাস রুমে টাঙানো ‘সু-স্বাগতম প্রিয় শিক্ষার্থী-অভিনন্দন প্রিয় শিক্ষার্থী’ ফেস্টুন। অধিকাংশ শিক্ষকই একই রঙের পোশাক পড়েছেন। প্রবেশ পথে সারি সারি দাঁড়িয়ে শিক্ষার্থীদের অভিবাদন জানাচ্ছেন করতালির মধ্য দিয়ে।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকেই শিক্ষার্থীরা আসতে শুরু করে। শিক্ষার্থীদের সুরক্ষায় নেয়া হয় নানা আয়োজন। প্রতিষ্ঠানের বাইরে গতি রোধ করা করা হয় যানবাহনের। ভেতরে প্রবেশের অনুমতি মিলছে শুধুমাত্র শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানের ফটকে পা রাখার সঙ্গে সঙ্গেই মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। হাত জীবাণু মুক্ত করতে দেয়া হয় স্যানিটাইজার। দীর্ঘ অপেক্ষার পর স্কুলে ফিরেই শিক্ষকদের হাত থেকে পায় লাল গোলাপ ও চকলেট।
ফার্মগেটে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, এতদিন পরে স্কুলে ক্লাস করতে পেরে খুবই আনন্দিত। এতদিন বাসায় বসে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। পড়াশোনায়ও ওইভাবে মন বসে নি কখনো। অনলাইন ক্লাস করে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। আবার আগের মতো পড়াশোনায় মনোযোগী হতে পারবো। অনেকদিন পর স্যার ও বন্ধুদের দেখে ভালোই লাগছে। স্কুলটিকে প্রথমে অচেনা লেগেছিল। এখন ক্লাস করে অনেক ভালো লাগছে। আগের ক্লাসরুমের স্মৃতি মনে পড়ে যাচ্ছে।
আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় একটি কক্ষ অপরিচ্ছন্ন থাকায় কলেজের অধ্যক্ষ হাছিবুর রহমান এবং ওই প্রতিষ্ঠানে সমন্বয়ের দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণের হার কিছুটা কমে আসায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব, যদি পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যায় আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। এক্ষেত্রে জোন ভিত্তিতে হয়তো প্রতিষ্ঠান বন্ধ করা যেতে পারে। তবে আশা করছি, সেটির আর প্রয়োজন হবে না।

ডা. দীপু মনি বলেন, কোনো অভিভাবক যেন স্কুলের ভেতরে এসে ভিড় না জমান। একান্তই যদি কাউকে ভেতরে অবস্থান করতে হয় তাহলে অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান করবেন। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবকরা যদি টিউশন ফি একবারে দিতে না পারেন, তাহলে তাদেরকে মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্কুল) বেলাল হোসাইন প্রমুখ।



