
নিউ ইয়র্ক সিটি নির্বাচনে বাংলাদেশি দুই নারীর ইতিহাস সৃষ্টি
যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট-৩৯ থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ।
অন্যদিকে কুইন্স কাউন্টি বিচারক পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ।
তাদের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশিদের নতুন ইতিহাস রচিত হলো যুক্তরাষ্ট্রের মাটিতে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া মোট ভোটের ৯৮ দশমিক ৮১ শতাংশ ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী শাহানা হানিফ পেয়েছেন ২৮ হাজার ২৯২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ব্রেট উইনকুপ পেয়েছেন ২ হাজার ৫২২ ভোট।
এদিকে কুইন্স কাউন্টি বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির উইলিয়াম ডি. শানাহান পেয়েছেন ৮৮ হাজার ৬২ ভোট।
সোমা সাঈদ ১০ বছরের জন্য এই পদে আসীন থাকবেন। তার আদালতে ২৫ হাজার ডলার পর্যন্ত মামলার শুনানি করার এক্তিয়ার থাকবে।
শাহানা হানিফ বলেন, বাংলাদেশি আমেরিকানদের জন্য আলাদা একটি অফিস করব। সেখানে মানুষ আসবেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য আমরা সহায়তা করব। বিশেষ করে ডমিস্টিক ভায়োলেন্স এখন বেড়েছে। সেই সমস্যা সমাধানের জন্য মানুষের সহায়তা প্রয়োজন, শিক্ষা খাতের বিভিন্ন পর্যায়ে অভিভাবকদের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। সেখানে তাদের সম্পৃক্ত হতে উত্সাহিত করা ও সহায়তা করা হবে। এছাড়াও ইমিগ্রান্টদের অনেকেরই অনেক সমস্যা রয়েছে সেগুলোতেও সহায়তা করা হবে।
তিনি বলেন, যেসব বিষয়ে জরুরিভিত্তিতে বিল পাশ হওয়া দরকার সেসব বিল পাশ করাতে চাই।



