
দ্বিতীয় বারের মতো নিউ ইয়র্কের মেয়র হলেন কৃষ্ণাঙ্গ, ভার্জিনিয়ায় গভর্নর পদে রিপাবলিকান
রূপসী বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পরবর্তী গভর্নর হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী গ্লেন ইয়োনকিন। গত মঙ্গলবারের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী টেরি ম্যাকআউলিফিকে হারিয়েছেন। ২০২২ সালের নির্বাচনের আগে এই পরাজয় ডেমোক্র্যাটদের জন্য বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। ডেমোক্র্যাটদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে।
এদিকে নিউ ইয়র্কের সিটি কাউন্সিল নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র পদে জিতেছেন এক কৃষ্ণাঙ্গ। খবর সিএনএন ও ইউএসএ টুডের
জয়ের পর গতকাল বুধবার সকালে গ্লেন ইয়োনকিন উল্লাস প্রকাশ করে বলেন, এই জয়ের মাধ্যমে আমরা এই কমনওয়েলথের গতিপথ বদলে দেব। ডেমোক্র্যাট প্রার্থী সরাসরি পরাজয় স্বীকার না করলেও সমর্থকদের কাছে পাঠানো ইমেইলে পরাজয় স্বীকারের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, নির্বাচন আসলে জয়-পরাজয় হবেই। তবে আমরা নতুন ভবিষ্যত্ গড়ার জন্য জয় আশা করেছিলাম এবং এজন্য সব চেষ্টাই করেছিলাম। রিপাবলিকানদের এই জয় প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট শিবিরের জন্য বড় হতাশার খবর। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভার্জিনিয়ার গভর্নর ছিলেন টেরি ম্যাকআউলিফি। জনমত জরিপে এগিয়ে থাকলেও গত কয়েক সপ্তাহে এই ব্যবধান কমতে থাকে। বিশ্লেষকরা বলছেন, ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনকে অনেকেই বাইডেনের প্রেসিডেন্ট থাকার গণভোট হিসেবে দেখছিলেন। এই পরাজয় তাদের শক্তিহীন করবে। এক বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভার্জিনিয়ায় ১০ পয়েন্ট জিতেছিলেন বাইডেন।
মঙ্গলবার নিউ জার্সিতেও গভর্নর নির্বাচন হয়েছে। তবে সেখানকার পুরো ফলাফল ঘোষণা করা হয়নি। জানা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী ফিল মারফি এবং রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়েট্টার্যালির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। ৯৮ শতাংশ ফল গণনায় দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ১ হাজার ২০০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। গত মঙ্গলবার ওহাইওতে প্রতিনিধি পরিষদের এবং ফ্লোরিডায় প্রতিনিধি পরিষদের প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নিউ ইয়র্ক বোস্টন, আটলান্টা এবং মিনিয়েপোলিসে মেয়র পদে নির্বাচন হয়েছে।
নিউ ইয়র্কে আবার কৃষ্ণাঙ্গ মেয়র
সিএনএন জানিয়েছে, রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলভাকে পরাজিত করে দ্বিতীয় বারের মতো কৃষ্ণাঙ্গ মেয়র নির্বাচিত হয়েছেন এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক পুলিশের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এরিক জননিরাপত্তা এবং শ্রমিক শ্রেণির অধিকারকে তার নির্বাচনি প্রচারণায় গুরুত্ব দিয়েছিলেন। ৬১ বছর বয়সি এরিক আগামী জানুয়ারিতে বর্তমান মেয়র বিল ডে ব্ল্যাসিওর কাছ থেকে ১১০তম মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। টানা আট বছরের মেয়াদ হওয়ায় এবার নির্বাচনে দাঁড়াতে পারেননি ডেমোক্র্যাটপন্থি ব্ল্যাসিও। এর আগে নিউ ইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন প্রয়াত ডেভিড ডিনকিনস।



