
নিউ ইয়র্কে শামীম সিদ্দিকীর সংগীত সন্ধ্যা
নিউ ইয়র্কে শিল্পী শামীম সিদ্দিকীর একক সংগীত সন্ধ্যাটা হয়ে গেল।
শুক্রবার সন্ধ্যায় উডসাইড কুইন্স প্যালেসে শো টাইম মিউজিকের ব্যানারে এই একক সংগীত সন্ধ্যায় শিল্পী শামীম সিদ্দিকী তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এছাড়া রবীন্দ্র, নজরুল, ফোক এবং ব্যান্ডের গান মিলিয়ে ৩০টির মতো গান পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানের শুরু শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলমের আহ্বানে মঞ্চে আসেন শিল্পী ও বিশিষ্টজনেরা। এ সময় শামীম সিদ্দিকীর মা হাসনা সিদ্দিকীর উপস্থিতি সবাইকে আনন্দে ভাসায়। অনুষ্ঠানে শিল্পী তার নিজের লেখা, সুর করা ‘মা’ গানটি গেয়ে শোনান। এরই মধ্যে জনপ্রিয় গানটি গাওয়ার সময় দর্শকদের অনেকের চোখেই ছিল আবেগের জল।
আলমগীর খান আলম বলেন. ‘আমরা নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তারই অংশ হিসেবে প্রবাসে থাকা বিশিষ্ট সংগীতশিল্পীদের ধারাবাহিক একক অনুষ্ঠানের আয়োজন করছি আমরা। যা এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শিল্পী শামীম সিদ্দিকী তার সংগীত দিয়ে অনেকদিন ধরে প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার অবদানকে স্মরণীয় করে রাখতেই তাকে নিয়ে আমাদের বিশেষ এই আয়োজন।
অনুষ্ঠানে জাতীয় পুরস্কার বিজয়ী সংগীতশিল্পী বেবী নাজনীনসহ বিশিষ্টজনদের অনেকে উপস্থিত ছিলেন। ঢাকা থেকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন শফি মণ্ডল, শিল্পী রবী চৌধুরী, মিলন মাহমুদ, আসিফ আকবর, চঞ্চল চৌধুরী, পথিক নবী, ফকির সাহাবুদ্দিন, মেহেরিন মাহমুদ, এস ডি রুবেল, ডলি সায়ন্তনী, আলম আরা মিনুসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসের প্রিয় মুখ আশরাফুল হাসান বুলবুল।



