
তালেবান নেতাদের সঙ্গে আফগান সরকারের গোপন বৈঠক
রূপসী বাংলা ডেস্ক:আফগানিস্তানে উগ্র গোষ্ঠী তালেবানের ভয়াবহ হামলার মধ্য দিয়েই এর কিছু নেতা গোপনে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন।
বুধবার নিকলসন বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় দেশটির বিভিন্ন পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজ দফতর থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জেনারেল নিকলসন এসব মন্তব্য করেন।
তবে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে সত্যিকারভাবে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে অনুষ্ঠানরত চলমান আলোচনায় অংশ নেয়া তালেবান নেতাদের নাম জানাতে পারেননি নিকলসন। তবে এ আলোচনায় তালেবানের মধ্যম এবং শীর্ষস্থানীয় নেতারা অংশ নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে, আফগান সরকারের পক্ষ চলমান শান্তি আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়নি। আফগানিস্তান বিষয়ক এ কমান্ডার বলেন, কিছু অজ্ঞাত আন্তর্জাতিক সংগঠন, বিদেশি সরকার এবং আফগান স্বার্থে জড়িত অন্যান্য পক্ষগুলোও এ শান্তি প্রক্রিয়ায় জড়িত। অন্য পক্ষ বিশেষ করে আমেরিকাকে পাশ কাটিয়ে তালেবান এবং আফগান সরকার এ আলোচনা চালিয়ে যেতে পারে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন জেনারেল নিকলসন।
২০০১ সালের ৭ অক্টোবর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। সন্ত্রাস বিরোধী যুদ্ধের আওতায় ওই আগ্রাসন চালিয়ে তালেবান সরকারকে উৎখাত করা হয়। কিন্তু সে ঘটনার দেড় দশক পর আজও আফগানিস্তান থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার করা হয়নি
সূত্র: পার্স টুডে



