
যুদ্ধে লাভ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এবারের প্যাকেজে আর্টিলারি ব্যবস্থা, অর্টিলারি রাউন্ডস, সাঁজোয়া যান ও হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এ সামরিক সহায়তার কিছু চালান ইউক্রেনে আসতে শুরু করেছে। তবে ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। জানা গেছে, এবার ১৫৫ মিমি হাউইজারসহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র, যা যুদ্ধে ব্যাপক প্রভাব ফেলবে বলা ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ অন্য দেশের জন্য বাজে নজির স্থাপন করবে।
মার্চের শেষদিকে ইস্তাম্বুলে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের হস্তক্ষেপে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সে সময় কিয়েভ থেকে সামরিক কার্যক্রম কমিয়ে আনার ব্যাপারে ইতিবাচক বার্তা দেয় রাশিয়া। তাছাড়া ইউক্রেনের সমর্থনে পাঠানো সরবরাহ ব্যবস্থায় হামলার বিরুদ্ধে মস্কোকে সতর্ক করেন ন্যাটোর প্রধান জেন স্টলটেনবার্গ। তারপর এসব ক্ষেত্রে হামলা থেকে বিরত থাকে রাশিয়া। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। রাশিয়া তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ইউক্রেনের সেনাদের ভারী অস্ত্র থেকে বিরত রাখতে হামলা চালাতে পারে। ফলে সংকট আরও বাড়বে। ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার ফলে পরবর্তী শান্তি আলোচনাও এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।
জেলেনস্কি সরকারকে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র শুধু শান্তি আলোচনার অগ্রগতিকেই নষ্ট করবে না, সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করবে। যদিও ওয়াশিংটন এমনটাই প্রত্যাশা করছে। কারণ ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ইউরোপকে নিজের কব্জায় রাখার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া চায় সীমিত পরিসরে তাদের কার্যক্রম চালাতে ও শান্তি আলোচনার মাধ্যমে বিতর্ক নিরসন করতে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো চায়, এ যুদ্ধকে ব্যবহার করে মস্কোকে ফাঁদে ফেলতে। যা দীর্ঘমেয়াদে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করতে পারে। একদিকে ইউক্রেনকে দেওয়া অস্ত্র সরবরাহ বন্ধ করতে অনিচ্ছুক, অন্যদিকে ন্যাটোকেও থামাতে চায় না যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্র তৈরিতে দেশটি এ পন্থা হাতে নিয়েছে। পশ্চিমারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে এমন দাবিকেও উড়িয়ে দেওয়া যায় না। তাছাড়া রাশিয়ার সম্প্রতি ডুবে যাওয়া জাহাজটির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এটাও নাকচ করে দেওয়া যায় না। এর ফলে রাশিয়াও প্রতিশোধ নিতে মরিয়া হতে পারে। সামরিক সংঘাত হতে পারে দীর্ঘায়িত।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সতর্কতার পরও পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনে তাদের সামরিক সহায়তা অব্যাহত থাকবে। মস্কোর সতর্কতার বিষয়টি অবহেলার মানে দাঁড়ায় এ সংঘাতকে কাজে লাগিয়ে রাশিয়াকে ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য তারা স্বল্পমেয়াদে যুদ্ধ বিরতিও চায় না। রাশিয়ার উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও সামরিক সক্ষমতাকে দুর্বল করতে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়াচ্ছে।
এমন পরিস্থিতিতে পশ্চিমাদের সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে রাশিয়া। এমন সিদ্ধান্তের ফলে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সংঘাত অবধারিত হতে পারে। এসব বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে পারমাণবিক যুদ্ধও ছড়িয়ে পড়তে পারে, যা মানবতার জন্য বিপর্যয় ডেকে আনবে। যদিও কেউই এমন পরিস্থিতি দেখতে চায় না।



