
ব্যাংক খাতে বড় দুই চ্যালেঞ্জ
মহামারি করোনার পর বর্তমানে বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ব্যাংক খাত। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, অন্যটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এ দুই কারণে বড় ধরনের বাণিজ্য ঘাটতি হয়েছে। এটি মোকাবেলায় শুধু বাংলাদেশ ব্যাংক নয়, সরকারি-বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংককে সমষ্টিগতভাবে কাজ করতে হবে।
গতকাল শনিবার ঢাকার অফিসার্স ক্লাবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমানের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী।
গভর্নর বলেন, করোনার সময়ে অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাংকাররা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। কভিডে ১৮৯ জন ব্যাংকার মারা গেছেন। এখন ব্যাংক খাতের চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি এবং ডলারের দর বৃদ্ধি। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিলাস পণ্যের আমদানিতে ব্যাংকগুলোকে নিরুৎসাহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে সরকারি, বেসরকারি সব ব্যাংক সম্মিলিতভাবে সংকট মোকাবেলায় কাজ করতে হবে।
বেশ কয়েকটি ব্যাংক শিক্ষাবৃত্তি চালু করেছে উল্লেখ করে ফজলে কবির আরো বলেন, করোনাকালে সামাজিক দায়বদ্ধতার আওতায় (সিএসআর) বরাদ্দকৃত টাকা স্বাস্থ্য খাতে বেশি ব্যয়ের কথা বলা হয়েছে। তবে শিক্ষা খাতে ব্যাংকগুলো এগিয়ে এসেছে।



