
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলিতে পুলিশের এক কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে পার্ক সার্কাস এলাকায় এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে পার্ক সার্কাস এলাকায় চোডুপ লেপচা নামের এক সশস্ত্র পুলিশ কনস্টেবল এলোপাতাড়ি গুলি চালানো শুরু করেন। এসময় হাওড়ার দাশনগরের বাসিন্দা রিমা সিংহ (২৮) নামের এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুজন। শেষে ওই কনস্টেবল নিজেই নিজের গুলিতে আত্মহত্যা করেন। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এলোপাতাড়ি গুলিতে আলিমুদ্দিন স্ট্রিটের বাসিন্দা মুহাম্মদ সরফরাজ ও কলিন স্ট্রিটের বাসিন্দা বশির আলম নামে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে বশিরের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। অন্য জনের আঘাত তেমন গুরুতর নয় বলে জানায় জরুরি বিভাগ। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ মিনিটের মধ্যে তিনি ১০ থেকে ১৫টি গুলি ছোঁড়েন।



